২০১৬: প্রবাসী আয় নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী আয়ে মন্দাবস্থা বিরাজ করেছে বছরজুড়ে, যা ভাবাচ্ছে সরকারকেও। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে ডেকে বিশেষ সভাও করেছে বাংলাদেশ ব্যাংক। তবে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক মন্দা, তেলের দামে কমতি, অর্থ পাঠাতে আইনি কড়াকড়ি, অবৈধ পথে আয় আসায় কমছে প্রবাসী আয়। এ ছাড়া ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো, রিংগিত, সিঙ্গাপুর ডলারসহ বিভিন্ন মুদ্রার দাম পড়ে গেছে। ব্যাংকিং চ্যানেলের সঙ্গে খোলাবাজারে পার্থক্য অনেক হয়ে গেছে। শুধু দেশে উদ্যোগ নিয়েই প্রবাসী আয় বাড়ানো যাবে না। এ জন্য বৈশ্বিক অবস্থার পরিবর্তন আসতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসী আয় এসেছে ৫২০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৬১৭ কোটি ডলার। সে হিসেবে আয় কমেছে ১৫ দশমিক ৭২ শতাংশ।
প্রবাসী আয়ে উত্থান-পতন শুরু হয় বছরের শুরু থেকেই। জানুয়ারিতে ১১৫ কোটি ডলার প্রবাসী আয় এলেও ফেব্রুয়ারিতে কমে হয় ১১৩ কোটি ডলার। আবার মার্চে ১২৮ কোটি ডলার এলেও এপ্রিলে আসে ১১৯ কোটি ডলার। মে ও জুন মাসে আবারও বেড়ে হয় যথাক্রমে ১২১ কোটি ও ১৪৬ কোটি ডলার।
গত জুলাইয়ে রেমিট্যান্স আসে মাত্র ১০০ কোটি ডলার, আগস্টে ১১৮ কোটি ডলার ও সেপ্টেম্বরে ১০৫ কোটি ডলার। গত অক্টোবরে আসে ১০১ কোটি ডলার। এভাবেই ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্সের পরিমাণ।