প্রবাসী আয় বাড়াতে টাকার অবমূল্যায়ন দরকার
>ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গোলটেবিল আলোচনা অনুষ্ঠান
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। একই সঙ্গে প্রবাসী আয় (রেমিট্যান্স) বাড়াতে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এফএএ) আয়োজিত এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জ্জা আজিজুল ইসলাম। ‘আর্থিক খাত, প্রবৃদ্ধি ও বাজেট’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান। এতে স্বাগত বক্তব্য দেন এফএএর সভাপতি মো. আবদুল মোমেন।
অনুষ্ঠানে আর্থিক খাত-সংশ্লিষ্ট চারটি বিষয় নিয়ে আলোচনা হয়। এগুলো হলো প্রবাসী আয়, অর্থায়নে বন্ডের ভূমিকা, স্টার্টআপ বা নতুন উদ্যোক্তা খাতের অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি)।
প্রবাসী আয়ের বিষয়ে আলোচনার শুরু করে এইচএসবিসির উপপ্রধান নির্বাহী মাহবুব রহমান বলেন, বাংলাদেশে এখন বছরে গড়ে বাণিজ্য ঘাটতি হয় ৮০০ থেকে ১ হাজার কোটি মার্কিন ডলার। এই ঘাটতি মেটাতে মূল ভূমিকা রাখে প্রবাসী আয়। বৈধপথে প্রবাসী আয় আসা কেন কমে যাচ্ছে, সেটি গভীরভাবে বিশ্লেষণ করা দরকার।
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, প্রবাসী আয় কমার ক্ষেত্রে মুদ্রার বিনিময় মূল্য একটা কারণ, এটা বাংলাদেশ ব্যাংক বলছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেই বিনিময় হার নিয়ন্ত্রণ করে। এখন এটা যদি বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে বিনিময় মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি দেখতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় ও বিনিময় হারের সম্পর্কটা ভালোভাবে বিশ্লেষণ করে দেখা উচিত।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের যুগ্ম পরিচালক শফিউল আলম বলেন, অবৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠালে প্রতি ডলারের বিপরীতে ৮৫ টাকা পর্যন্ত পাওয়া যায়। অন্যদিকে আনুষ্ঠানিক চ্যানেলে পাঠালে ৮০ টাকার বেশি পাওয়া সম্ভব নয়। আনুষ্ঠানিক চ্যানেলে বেশি টাকা দিতে হলে টাকার অবমূল্যায়নের বিষয়টি ভাবা যেতে পারে। তিনি আরও বলেন, আনুষ্ঠানিক চ্যানেলে বাংলাদেশে অর্থ পাঠানোর খরচ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো থেকে কম। এ কারণে প্রবাসী আয় কমছে না।
অর্থনীতিবিদ মির্জ্জা আজিজ আরও বলেন, বাংলাদেশের মাথাপিছু প্রবাসী আয় বাড়ানোর অনেক সুযোগ আছে। নেপালে মাথাপিছু যে প্রবাসী আয় আসে, বাংলাদেশ তার চেয়েও পিছিয়ে আছে। কারণ, বাংলাদেশি শ্রমিক যাঁরা দেশের বাইরে যাচ্ছেন, তাঁরা অপেক্ষাকৃত অদক্ষ, তাঁরা কম উপার্জন করেন।
বন্ড নিয়ে আলোচনায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান বলেন, মধ্যম আয়ের দেশ হতে হলে বাংলাদেশের প্রচুর বিনিয়োগ দরকার। এই বিনিয়োগের জন্য অর্থায়নের একটি বড় উৎস হতে পারে বন্ড খাত। কিন্তু বাংলাদেশে বেসরকারি খাতে কোনো বন্ড নেই বললেই চলে।
বন্ডের বিষয়ে এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘প্রায় তিন হাজার কোটি টাকার বৈদেশিক সাহায্য এখন অলস পড়ে আছে, সরকার ব্যবহার করতে পারছে না। এ অবস্থায় বন্ড থেকে ঋণ নিয়ে সেই টাকা কী করব? তবে সরকার ব্যাংক থেকে যদি বেশি ঋণ নেয়, তাহলে বন্ডের অর্থায়নে যেতে পারে।’
নতুন উদ্যোক্তা খাতের অর্থায়নের বিষয়ে আলোচনায় বলা হয়, বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের তহবিলের জোগান পাওয়া একটি বড় সমস্যা। নতুন উদ্যোক্তাদের অর্থায়নে ‘ভেঞ্চার ক্যাপিটাল’ তহবিল কার্যকর ভূমিকা রাখতে পারে।