প্রবাসী আয় বাড়াতে শাখায় হেল্প ডেস্ক চালুর নির্দেশ
প্রবাসী আয় (রেমিট্যান্স) বাড়াতে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে হেল্প ডেস্ক চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হেল্প ডেস্ক রেমিট্যান্স আনতে সহায়তা করবে ও সমস্যার সমাধান করবে। সংশ্লিষ্ট শাখা বলতে প্রবাসী আয় আসে এমন শাখাগুলোকে বোঝানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিটি শাখায় রেমিট্যান্স হেল্প ডেস্ক চালু করতে হবে। প্রবাসী আয় সুবিধাভোগীকে অগ্রাধিকার ভিত্তিতে এ-সংক্রান্ত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। গ্রাহক হয়রানি রোধে প্রতিটি শাখায় প্রবাসী আয়ের সুবিধাভোগীদের জন্য আলাদা খাতায় ক্রমানুসারে অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে। পাক্ষিক ভিত্তিতে অভিযোগসমূহ ও গৃহীত ব্যবস্থা প্রধান কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগকে অবহিত করতে হবে। প্রবাসীদের জন্য ব্যাংকের নিজস্ব ও সরকারের সব ধরনের বিনিয়োগ সেবার প্রচার নিশ্চিত করতে হবে। বৈধ পথে রেমিট্যান্স আনয়নের সুবিধাদি প্রচার করতে হবে।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ১ হাজার ১৫৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০১৫-১৬ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার।