প্রবাসী-আয়ের অন্যতম প্রধান উৎস মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চাহিদা হ্রাস, সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিসা প্রদান নিষিদ্ধ ঘোষণা এবং সরকার ও শ্রমশক্তি প্রেরণকারী সংস্থাগুলোর মধ্যে বিরাজমান অসন্তোষ আগামী দিনগুলোয় প্রবাসী-আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা ব্যক্ত করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ প্রবাসী-আয়সংক্রান্ত (রেমিট্যান্স) নতুন কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছে। প্রতিষ্ঠানটির অক্টোবর মাসের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এ অভিমত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক অর্থবছরগুলোয় প্রবাসী-আয়ের পরিমাণ বাড়লেও বার্ষিক প্রবৃদ্ধির হার কমেছে। এতে আরও বলা হয়েছে, চলতি ২০১২-১৩ অর্থবছরে প্রবাসী-আয়ের প্রবাহে ধারাবাহিকতা লক্ষ করা যায় না। কোনো মাসে বেড়েছে, আবার কোনো মাসে কমেছে। তবে ঈদুল আজহা ও দুর্গাপূজার মাসে, অর্থাৎ অক্টোবরে রেকর্ড পরিমাণ প্রবাসী-আয় এসেছে।প্রতিষ্ঠানটির মতে, সাম্প্রতিক সময়ে দক্ষ ও পেশাজীবী শ্রমিকের পরিবর্তে অদক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিকের রপ্তানির পরিমাণ বৃদ্ধি এবং নতুন বাজার তৈরির অপারগতার কারণে ভবিষ্যতে প্রবাসী-আয় প্রবাহ ধরে রাখা কঠিন হতে পারে।প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২-১৩ অর্থবছরের আগস্ট মাসে জনশক্তি রপ্তানি ১৮ হাজার ৯৪০ জন কমে গেছে, যা চলতি অর্থবছরের প্রথম মাস (জুলাই) থেকে ৩০ দশমিক ২০ শতাংশ কম। অবশ্য চলতি অর্থবছরের প্রথম দুই মাসে জনশক্তি রপ্তানি ছিল এক লাখ ছয় হাজার ৪৮৬ জন, যা ২০১১-১২ অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক শূন্য ৮ শতাংশ বেশি ছিল। উন্নয়ন অন্বেষণ বলেছে, ২০০১-০২ অর্থবছরের পর থেকে বাংলাদেশের প্রবাসী-আয়ের উৎস হিসেবে উল্লেখযোগ্য নতুন দেশ যুক্ত হয়নি, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন, সৌদি আরব কর্তৃক নতুন শ্রমিক ভিসা প্রদান বন্ধ ঘোষণা এবং গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করাতে বাংলাদেশের রেমিট্যান্স আয়ের উৎসের ওপর প্রভাব পড়ছে।