প্রবাসী আয় বৃদ্ধিতে চার কৌশল
প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধির চারটি কৌশল নির্ধারণ করছেন বলে বাজেট বক্তব্যে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রবাসী আয়গ্রহীতা—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতির উন্নয়নে প্রবাস আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় রেখে এর বৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি।’
অর্থমন্ত্রীর ভাষায় উদ্যোগগুলো হচ্ছে—রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো, বিদেশে কর্মরত ব্যাংকের শাখা ও এক্সচেঞ্জ হাউসগুলোকে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে দক্ষ করে তোলা, প্রবাসীরা যেসব দেশে কর্মরত, সেসব দেশের স্থানীয় ব্যাংকগুলোর সঙ্গে এ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ড্রয়িং ব্যবস্থা জোরদার করা এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করা।
বাজেট পেশের ১৫ দিন আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় প্রধানমন্ত্রী তাঁকে কিছু নির্দেশনা দিয়েছেন এবং এ ব্যাপারে একটি তহবিল গঠন করার চিন্তা রয়েছে তাঁর।
অর্থমন্ত্রী আরও বলেছিলেন, বর্তমানে ১০০ টাকার সমান রেমিট্যান্স দেশে পাঠাতে ১ টাকা খরচ হয়। দেশে অর্থ পাঠাতে যাতে প্রবাসীদের কোনো খরচ করতে না হয়, সেই ব্যবস্থা করছেন তিনি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের জন্য ৫০০ থেকে ৭০০ কোটি টাকার একটি তহবিল গঠনের প্রক্রিয়া চলছে।
গত বৃহস্পতিবারের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের একটি জরিপের কথা উল্লেখ করেন। তিনি জানান, ২০১৫ সালে দেশের অভিবাসনসংশ্লিষ্ট পরিবারগুলো গড়ে ৩ লাখ ২ হাজার টাকার রেমিট্যান্স গ্রহণ করেছে এবং আয়ের প্রায় ২৫ শতাংশ তারা বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। অর্থমন্ত্রী বলেন, তাদের বিনিয়োগে বিশেষভাবে উপকৃত হয় দেশের নির্মাণ খাত এবং ভোগব্যয় বৃদ্ধির মাধ্যমে রেমিট্যান্স মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতেও ভূমিকা পালন করে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবাসী আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। শুধু বাংলাদেশ নয়, কয়েকটি দেশ ছাড়া বিশ্বের প্রায় সব উন্নয়নশীল দেশেই দুই বছর ধরে রেমিট্যান্স প্রবাহ কমেছে।
ইউরোপ ও রাশিয়া ফেডারেশনভুক্ত দেশগুলোর অর্থনৈতিক দুর্বলতা, ইউরোর মূল্যপতন, অনেক দেশে অভিবাসনবিরোধী নীতি-কৌশল অনুসরণ, রেমিট্যান্স পাঠাতে নানা অসুবিধা, অনানুষ্ঠানিক পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বেশি সুবিধা এবং বিভিন্ন দেশে বিনিময় হার নিয়ন্ত্রণ রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন অর্থমন্ত্রী।
আবদুল মুহিত বাজেট বক্তব্যে বলেন, ‘আশার কথা হলো, রেমিট্যান্স প্রবাহ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রক্ষেপণ বলছে, ২০১৭ সালে প্রবাসী আয়ের নিম্নমুখী ধারা থেকে বিশ্ব ঘুরে দাঁড়াবে এবং ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। আমি বিশ্বাস করি, আমাদের উদ্যোগ ও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখবে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ১১ লাখ ৮০ হাজার
ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ১৬ হাজার ৮৫৭ কোটি টাকা।