প্রবাসী-আয় সংগ্রহে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংক প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আবদুল হামিদ
সৈয়দ আবদুল হামিদ

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে প্রবাসী-আয় সংগ্রহে প্রথম হচ্ছে অগ্রণী ব্যাংক। ব্যাংকের স্বয়ংক্রিয় ব্যবস্থা, দ্রুত সেবা ও বিপণনব্যবস্থার কারণে তা সম্ভব হয়েছে। প্রবাসী-আয়সহ ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ
প্রথম আলো: অগ্রণী ব্যাংক কেমন আছে?
সৈয়দ আবদুল হামিদ: অন্য যেকোনো সময়ের তুলনায় অগ্রণী ব্যাংক এখন ভালো অবস্থায় আছে। আমাদের ব্যাংকে আমানত বাড়ছে, ব্যবসা বাড়ছে, পরিচালন মুনাফাও বাড়ছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে প্রবাসী-আয় (রেমিট্যান্স) সংগ্রহে অগ্রণী ব্যাংক এখন প্রথম। অনলাইন ব্যাংকিংয়ে যাওয়ার একটা বিরাট সুবিধা দেখতে পাচ্ছি আমরা। গত ডিসেম্বর পর্যন্ত আমাদের ব্যাংকে আমানতের পরিমাণ ৩৮ হাজার ৩৯৩ কোটি টাকা। এই বিপুল পরিমাণ আমানত মানুষের আস্থারই বহিঃপ্রকাশ।

প্রথম আলো: খেলাপি ঋণ আদায় পরিস্থিতি কেমন?
সৈয়দ আবদুল হামিদ: এই সময়ে একটু খারাপ। সবারই খারাপ। আমাদের খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৮৪৩ কোটি টাকা। তবে এটা থাকবে না। সরকারের কাছ থেকে বড় ধরনের কিছু পেতে পারেন—এমন প্রত্যাশা ও বিবেচনায় ব্যবসায়ী সম্প্রদায় ব্যাংকের টাকা পরিশোধে কিছুটা বিলম্ব করছে। সবাই এখন আদালতমুখী। এটাও একটা সমস্যা। তবে আগামী দিনগুলোতে তা ভালো হবে। আমরা বাস্তবতা বিবেচনায় রেখে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি।
প্রথম আলো: ব্যবসায়ীদের এমন মনোভাবে আপনারা কী কৌশল নিচ্ছেন?
সৈয়দ আবদুল হামিদ: নিজস্ব কৌশল তো আমাদের আছেই। শাখা পর্যায়ে রয়েছে নিজস্ব তদারকি। প্রধান কার্যালয় সব সময় শাখার ওপর একটা চাপ তৈরি করে রাখে। আবার আমাদের ওপর একদিকে কেন্দ্রীয় ব্যাংকের, অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের চাপ রয়েছে। বড় ১০টি শাখার বড় ঋণখেলাপি থেকে আদায়ের কাজটি আমিও দেখি। সম্প্রতি চট্টগ্রামে গিয়ে কিছু দৃশ্য দেখলাম। যাঁরা ঋণ নিয়েছিলেন কিন্তু খেলাপি হয়ে গেছেন, সে রকম ব্যবসায়ীদের খবর দেওয়া হলেও কেউ যোগাযোগই করেননি। বরং ঋণ কীভাবে নেওয়া যায়, সে জন্য নতুন অনেকে এসেছিলেন।
প্রথম আলো: হরতাল-অবরোধের কোনো প্রভাব কি ঋণ আদায়ে পড়েছে?
সৈয়দ আবদুল হামিদ: কিছুটা তো ফেলছেই। নতুন পরিস্থিতিতে সুতা ও বস্ত্র খাতের বিক্রি কম। পণ্য অবিক্রীত থেকে গেছে। ফলে নগদ টাকার প্রবাহটা আসছে না। জুন-সেপ্টেম্বর প্রান্তিকে অবস্থাটা ফিরবে। তবে অন্য খাতগুলো থেকে আদায় হচ্ছে। কারখানা তো চালু রয়েছে। উৎপাদন হচ্ছে, এমনকি রপ্তানিও হচ্ছে।
প্রথম আলো: ব্যাংকিং করার জন্য ব্যবসায়ীরা অগ্রণী ব্যাংককে কেন বেছে নেবেন?
সৈয়দ আবদুল হামিদ: জবাবটা আমি দু-তিনভাবে দিতে চাই। প্রথমত, অগ্রণী ব্যাংক স্বয়ংক্রিয় ব্যবস্থায় (অটোমেশন) চলে এসেছে। এটা একটা বড় ইতিবাচক দিক। তা ছাড়া গত পাঁচ বছরে অনেক নতুন নিয়োগ হয়েছে এই ব্যাংকে। তাঁরা নতুন উদ্যমে কাজ করছেন। সবশেষে আমি বিশ্বাস করি, এই ব্যাংকে ঝক্কি কম। সুতরাং ব্যাংকিংয়ের জন্য অগ্রণী ব্যাংককে বেছে না নেওয়ার কোনো কারণ নেই।
প্রথম আলো: সরকার স্থায়ী আমানত রাখছে কেমন?
সৈয়দ আবদুল হামিদ: ভালোই রাখছে। যদিও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করেই আমাদের এটা নিতে হয়। তবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে আমাদের অবস্থা ভালো। বড় বড় জাতীয় গুরুত্বপূর্ণ হিসাব আমাদের ব্যাংকে। যেমন পদ্মা সেতু। আরেকটি উদাহরণ দিই। সেদিনও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৩৬ কোটি টাকা আমাদের ব্যাংকে জমা রেখেছে সরকার। তা ছাড়া সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা আমরা পাই।
প্রথম আলো: গত কয়েক বছরে ব্যাংক খাতে বড় বড় কেলেঙ্কারি হয়েছে, যা থেকে অগ্রণী ব্যাংকও মুক্ত নয়। এ ব্যাপারে কিছু বলবেন?
সৈয়দ আবদুল হামিদ: অগ্রণী ব্যাংকে বড় কেলেঙ্কারি হয়েছে, তা নয়। খাদ্য মূল্যস্ফীতি স্থিতিশীল রাখার স্বার্থে কিছু ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল। ব্যাংকের দিক থেকে এগুলোর তদারকিতে ঘাটতি ছিল। এমনও হয়েছে যে ব্যবসায়ীরা অন্য খাতে ঋণ স্থানান্তর করেছেন। আবার সত্যি সত্যিই অনেকে ব্যবসা করতে পারেননি, এটাও দেখা গেছে।
প্রথম আলো: রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকের মতো আপনার ব্যাংক নিয়েও অভিযোগ রয়েছে যে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আপনারা তেমন ব্যবস্থা নেন না।
সৈয়দ আবদুল হামিদ: এটি একটি প্রক্রিয়াগত ব্যাপার। প্রক্রিয়াটিই এমন যে চাইলেই ব্যবস্থা নেওয়া যায় না। অবশ্য ব্যাংকের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়। তবে পুরোপুরি ব্যবস্থা নিতে অন্তত ছয় মাস সময় লাগে, যা আবার অগ্রণী ব্যাংক নিজেই পারে না। আবার জ্যেষ্ঠদের বিষয়ে ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয় মন্ত্রণালয় থেকে। নিচের পর্যায়েরগুলো ব্যাংকই করে।
প্রথম আলো: রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে প্রবাসী-আয় সংগ্রহে আপনার ব্যাংকের প্রথম অবস্থানের কথা বললেন। কীভাবে তা অর্জন করলেন?
সৈয়দ আবদুল হামিদ: আমি বলব, শুধু স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণেই তা সম্ভব হয়েছে। আমাদের অনেক শাখা এখন স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায়। শিগগিরই পুরো ব্যাংকই এর আওতায় চলে আসবে। ভালো প্রবাসী-আয় সংগ্রহের আরেকটি কারণ রয়েছে। তা হচ্ছে দ্রুত সেবা। দিনের লেনদেন চলাকালেই আমরা সেবাটা দিতে চেষ্টা করি। তা ছাড়া কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যে আমাদের সহযোগী কোম্পানি রয়েছে। রয়েছে প্রবাসী-আয় সংগ্রহের বিপুল পরিমাণ প্রতিনিধি (এজেন্ট)। সব মিলিয়ে এ ব্যাপারে আমাদের বিপণনটা (মার্কেটিং) ভালো।
প্রথম আলো: প্রবাসী-আয় সংগ্রহে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের অবস্থা ভালো হলেও গোটা ব্যাংক খাতে ভালো নয়, কিন্তু ইসলামী ব্যাংক ভালো করছে।
সৈয়দ আবদুল হামিদ: তা ঠিক। ওই ব্যাপারে তারা বেশি মনোযোগ দিয়েছে, তাই হয়েছে। তবে সরকার যদি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে প্রথম অগ্রণী ব্যাংককে শরিয়াহভিত্তিক ব্যাংক ঘোষণা করে, তাহলে আইবিবিএলকেও ছাড়িয়ে যেতে পারব বলে আমাদের দৃঢ়বিশ্বাস। এক বছরে আমরা ১২ হাজার ৯৯০ কোটি টাকা প্রবাসী-আয় সংগ্রহ করেছি। শরিয়াহভিত্তিক ব্যাংক না হলেও প্রবাসী-আয় সংগ্রহে প্রতিবছর আমরা আগের বছরকে ছাড়িয়ে যাব।
সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম