প্রবাসী আয় ৪২ কোটি ডলার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৪৫ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ডলার। গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৮৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার।
সেই হিসাবে আগের অর্থবছরের চেয়ে এই অর্থবছরের ১১ মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ৪২ কোটি ২৯ লাখ ডলার বা ৩ দশমিক শূন্য ৪ শতাংশ। প্রবাসী আয়-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১২০ কোটি ৫৬ লাখ ২০ হাজার ডলার। ২০১৪-১৫ অর্থবছরের একই মাসে যার পরিমাণ ছিল প্রায় ১৩২ কোটি ১৮ লাখ ডলার। সেই হিসাবে, গত বছরের মে মাসের চেয়ে চলতি বছরের মে মাসে প্রবাসী আয় ৮ দশমিক ৭৯ শতাংশ কমে গেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় প্রবাসীদের আয় কমে গেছে। ফলে প্রবাসী আয়ও কমে গেছে। তবে রমজানের কারণে চলতি মাসে তা আবার বেড়ে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটি গত মাসে প্রায় ২৮ কোটি ডলার প্রবাসী আয় দেশে এনেছে। এর বাইরে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রায় ১৪ কোটি ও সোনালী ব্যাংকের মাধ্যমে প্রায় ১১ কোটি ৫১ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।