প্রবাসী-আয়প্রবাহ হাজার কোটি ডলার ছাড়াল
চলতি অর্থবছরের ১১ মাসে দেশে প্রবাসী-আয়ের মোট প্রবাহ এক হাজার কোটি ডলার অতিক্রম করেছে। এর ফলে এই প্রথমবার কোনো অর্থবছরে প্রবাসী-আয়প্রবাহ হাজার কোটি ডলারের ঘর ছাড়িয়ে গেল।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরের জুলাই-মে সময়কালে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে মোট এক হাজার সাত কোটি ৩২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।গত অর্থবছরের এই ১১ মাসে প্রবাসীরা মোট ৮৭৭ কোটি ডলার ব্যাংকব্যবস্থার মাধ্যমে পাঠিয়েছিলেন। তার মানে, আলোচ্য সময়কালে প্রবাসী-আয়প্রবাহের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৭ শতাংশ। আর গত ২০০৮-০৯ অর্থবছরে দেশে প্রবাসী-আয়ের মোট প্রবাহ ছিল ৯৬৮ কোটি ৯২ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি বছরের মে মাসে প্রবাসীরা ব্যাংকব্যবস্থার মাধ্যমে ৮৮ কোটি ৫১ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। অবশ্য গত বছরের মে মাসে তাঁরা ৮৯ কোটি ৫৩ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন। ফলে গত মে মাসের তুলনায় এবারের মে মাসে প্রবাসী আয়ের প্রবাহ কমেছে এক দশমিক ১৪ শতাংশ।বিশ্বমন্দার প্রভাবে বিদেশে কাজ হারিয়ে বিপুলসংখ্যক শ্রমজীবী দেশে ফিরে আসবেন বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু এই আশঙ্কা সেভাবে বাস্তবায়িত হয়নি। কাজ হারিয়ে অনেকে দেশে ফিরে এসেছেন ঠিকই, তবে তা পুরোপুরি মন্দার সঙ্গে সম্পর্কিত নয়।অতীতের ধারা-বাহিকতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আইনি জটিলতায় পড়ে অনেকে কাজ হারিয়ে দেশে ফিরেছেন। মালয়েশিয়া থেকে মূলত অভিবাসনসংক্রান্ত জটিলতায় পড়ে কাজ হারাতে হয়েছে অনেক বাংলাদেশিকে।এ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মচ্যুতির কারণেও অনেক বাংলাদেশি শ্রমজীবী বিভিন্ন দেশে কাজ হারিয়েছেন।তবে নতুন করে বিদেশে কাজের সুযোগও সেভাবে তৈরি হয়নি। ফলে বিদেশে শ্রমিক গমনের গতি অনেক কমে গেছে।