প্রবাসী-আয়ের প্রবাহে গতি বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরে প্রবাসী-আয়ের প্রবাহে এখনো গতিময়তা আসেনি। এমনকি সদ্য সমাপ্ত মার্চ মাসে ১০০ কোটি ডলারে বেশি প্রবাসী-আয় দেশে এলেও অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-ডিসেম্বর) সার্বিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় চার শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকব্যবস্থার মাধ্যমে দেশে ১০৯ কোটি ডলার পাঠিয়েছেন। কোনো একক মাসে এটাই এযাবৎকালে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ আয়। এর আগে ২০০৯ সালের নভেম্বর মাসে ১০৫ কোটি ডলার এসেছিল। এই দুই মাস ছাড়া আর কখনোই কোনো একক মাসে প্রবাসী-আয়ের প্রবাহ ১০০ কোটি ডলারের ঘরে উন্নীত হয়নি।মার্চ মাসের ১০৯ কোটি ডলার আসায় অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে আয় দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলারের কিছু বেশি। আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়কালে প্রবাসীরা ৮২৬ কোটি ৯১ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।লিবিয়ায় চলমান সংঘাতে ইতিমধ্যে সে দেশে কর্মরত অনেক বাংলাদেশি পার্শ্ববর্তী তিউনিসিয়া ও মিসরে আশ্রয় নিয়েছেন। অনেকে দেশে ফিরে এসেছেন। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় অনেকেই বেশি পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। মূলত এ কারণেই মার্চ মাসে প্রবাসী-আয়ের প্রবাহ বেড়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ৯৮ কোটি ৬৯ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন।২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরে অভিবাসী শ্রমজীবীর সংখ্যা গড়ে যা ছিল, চলতি অর্থবছরের প্রথমার্ধে তার অর্ধেক শ্রমজীবী অভিবাসী হয়েছেন। আবার প্রথমবারের মতো প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে। এই দুটি বিষয় যথাক্রমে বাংলাদেশের জনশক্তির বাজার ও লেনদেনের সার্বিক ভারসাম্যের ওপর ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা কমতে শুরু করেছে।চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এই উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার। অথচ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) চলতি হিসাবের ভারসাম্যে ৫৯ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা যায়, জানুয়ারি মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১৫ কোটি ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অথচ ২০১০ সালের জানুয়ারি মাসে ৫২ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, চলতি অর্থবছরের নয় মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী-আয় এসেছে সেপ্টেম্বর মাসে, যার পরিমাণ ৮৩ কোটি ৮০ লাখ ডলার।