প্রবাসী-আয়ের প্রবাহে ভাটা পড়েছে

এবার প্রবাসী-আয় বা রেমিট্যান্সেও ভাটা লেগেছে। টানা কয়েক বছর ধরে প্রবাসী-আয়ে উচ্চ প্রবাহ থাকলেও ২০১৩ সালে তা কমেছে।
সদ্য বিদায়ী বছরে প্রবাসী বাংলাদেশিরা মোট এক হাজার ৩৮৪ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় দেশে পাঠিয়েছেন। আগের বছর প্রবাসী-আয় এসেছিল এক হাজার ৪১৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় ২০১৩ সালে প্রবাসী-আয় কম এসেছে ৩৪ কোটি ডলার বা ২ দশমিক ৩৯ শতাংশ।
জনশক্তি রপ্তানি কমে আসছিল। বিদায়ী বছরে তা প্রায় অর্ধেকে নেমে আসে। আবার বিশেষত সৌদি আরব ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ জনশক্তি দেশে ফিরে আসে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে নতুন জনশক্তি তেমন পাঠানো যায়নি। ফলে প্রবাসী-আয়ে তার প্রভাব পড়ে।
অন্যদিকে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী-আয় কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে। এবার খোলা বা কার্ব মার্কেটে বেশি দরে ডলার বিক্রি হতেও দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, অর্থবছর হিসেবেও ছয় মাসে প্রবাসী-আয় বেশ কমেছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট প্রবাসী-আয় এসেছে ৬৭৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৪০ কোটি ডলার। এ হিসেবে অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসী-আয় কমেছে ৬২ কোটি ডলার বা ৮ দশমিক ৩৮ শতাংশ।
আবার একক মাস হিসেবে গত ডিসেম্বরে প্রবাসী-আয় এসেছে ১২১ কোটি ৬৪ লাখ ডলার। আগের বছরের একই মাসের তুলনায় এর পরিমাণ কম হলেও আগের মাসের তুলনায় বেশি। আগের মাস, অর্থাৎ নভেম্বরে মোট ১০৬ কোটি ডলার প্রবাসী-আয় এসেছিল। আর আগের বছরের ডিসেম্বরে এসেছিল প্রায় ১২৯ কোটি ডলার।
প্রবাসী-আয় কম এলেও রপ্তানি আয়ে নভেম্বর পর্যন্ত হিসাবে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু দেশে বিনিয়োগ মন্দা থাকায় আমদানি কমেছে। আমদানি কম থাকায় বৈদেশিক খাতের চলতি হিসাবে বড় উদ্বৃত্ত থেকেছে। অন্যদিকে বিদেশ থেকে বেসরকারি খাতে বড় অঙ্কের ঋণ (বায়ার্স ক্রেডিট) আনাতে রিজার্ভ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বছরের শেষভাগে প্রায় প্রতি মাসেই রিজার্ভ ১০০ কোটি ডলার করে বেড়েছে। সর্বশেষ ১৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এক হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে।