প্রবাসী বন্ড বিক্রি বাড়ানোর নতুন পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বৈদেশিক মুদ্রার জোগান কম। গভীরভাবেই তা অনুভব করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই করণীয় নির্ধারণে দেড় মাস আগে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গত ১৫ মে দীর্ঘ বৈঠক করলেন সচিবালয়ে। সিদ্ধান্ত হলো: এ জোগান বাড়াতে হবে। আর সে জন্য প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু থাকা বন্ডগুলোর মুনাফার হার বাড়িয়ে দেওয়া হবে। ভালো অঙ্ক কেউ বন্ডে বিনিয়োগ করলে তাঁকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা দেওয়া হবে। এ সবকিছুই কার্যকর করা হবে ১ জুলাই থেকে। সেই ১ জুলাই আজ রোববার। কিন্তু নতুন সিদ্ধান্তের কোনো কিছুই কার্যকর হচ্ছে না আজ থেকে। ওই বৈঠকে উপস্থিত থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যকর না হওয়ার কারণ হলো বাস্তবায়নের দক্ষতার অভাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয়হীনতা।জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক মাহমুদা আক্তার মিনা দেশের বাইরে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আইআরডির অতিরিক্ত সচিব শহীদুল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ করছি। কিছু দিন দেরি হলেও সিদ্ধান্তগুলো ঠিকই বাস্তবায়িত হবে।’ নীতিনির্ধারণকারী ও বাস্তবায়নকারী সব পক্ষের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন গত ১৫ মের বৈঠকে। এতে অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব শফিকুর রহমান পাটোয়ারীসহ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও ডিপেনিং মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (ডিএমটিবিএফ) প্রকল্পের কম্পোনেন্ট পরিচালক মোহাম্মদ মুসলিম চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। মোহাম্মদ তারেক ও আহসান এইচ মনসুরের মধ্যে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও বৈঠক শেষে সরকারি এ উদ্যোগকে স্বাগত জানান ব্যাংকাররা। একমত পোষণ করে তাঁরা বন্ড বিক্রিকে আকর্ষণীয় করার কাজে মনোযোগী হবেন বলে প্রতিশ্রুতি দেন। বৈঠকে চারটি বড় সিদ্ধান্ত হয়। এগুলো হলো: ১ জুলাই থেকে ৫, ১০ ও ৫০ লাখ টাকা মূল্যমানের নতুন বন্ড চালু; বন্ডে ১০ লাখ ডলার বা এর চেয়ে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগকারীকে সিআইপির মর্যাদা প্রদান; মুনাফার হার শূন্য দশমিক ২ শতাংশ বাড়ানো ও মৃত্যুঝুঁকির সুবিধা দ্বিগুণ করা। এ ছাড়া বন্ড বিক্রয়কারী ব্যাংকগুলোকে কমিশন প্রণোদনা প্রদান, বর্তমানের মতো শুধু ডলারে নয়, পাউন্ড স্টার্লিং ও ইউরোর মাধ্যমেও বন্ড কেনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।উল্লেখ্য, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের আওতায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বর্তমানে তিনটি বন্ড চালু রয়েছে। এগুলো হলো: ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড।ওই বৈঠকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের বিদ্যমান মুনাফার হার ১১ দশমিক ৮ শতাংশ থেকে শূন্য দশমিক ২ শতাংশ বাড়িয়ে ১২ শতাংশে উন্নীতকরণ ও ষাণ্মাসিক চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এই বন্ডের মৃত্যুঝুঁকির সুবিধা (ডেথ রিস্ক বেনিফিট) বর্তমানের আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করা এবং বর্তমানে যেসব মূল্যমানের বন্ড রয়েছে সেগুলোও চালু রাখার কথা বলা হয়। বৈঠকে বলা হয়েছিল, ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের জন্যও মৃত্যুঝুঁকির সুবিধা চালু থাকবে ও বন্ড বিক্রয়কারী ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়া হবে। বর্তমানে ব্যাংকগুলো স্ক্রিপ্ট অনুযায়ী এক ডলার করে কমিশন পেয়ে থাকে। এর পরিবর্তে ব্যাংকগুলোকে কমিশন দেওয়া হবে মোট বিক্রির দশমিক ৫ শতাংশ হারে। এগুলোও কার্যকর হওয়ার কথা ছিল আজ ১ জুলাই থেকে। তবে আন্তর্জাতিক বাজারের অন্যান্য বিনিয়োগ সুযোগের তুলনায় যথেষ্ট আকর্ষণীয় থাকায় ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফার হার না বাড়ানোর সিদ্ধান্ত নেয় অর্থ বিভাগ। অর্থমন্ত্রীও তা মেনে নেন। এদিকে বন্ড বিক্রি বাড়ানোর কৌশল নির্ধারণবিষয়ক অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের তৈরি করা কার্যপত্রে দেখা যায়, মুনাফার হার, মৃত্যুঝুঁকির সুবিধা, আয়কর রেয়াতের পরিমাণের দিক থেকে তিনটি বন্ডই দেশের যেকোনো তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি সঞ্চয় কর্মসূচির তুলনায় বেশি আকর্ষণীয়। তার পরও এগুলোর বিক্রি তত বেশি নয়। জটিল বিক্রি পদ্ধতি, বিক্রির জন্য ভালো কোনো সরকারি উদ্যোগ না থাকা এবং লাভজনক এই বিনিয়োগ সম্পর্কে বিনিয়োগকারীদের সঠিক ধারণা দিতে না পারাই এই বন্ড বিক্রি কম হওয়ার কারণ বলে পর্যবেক্ষণ করেছে অর্থবিভাগ। সে জন্য বিক্রি আকর্ষণীয় করতে তিনটি বন্ডের ক্ষেত্রেই নীতি-সহায়তা ও বিপণনব্যবস্থা তুলে ধরা হয় বৈঠকে। এগুলোর মধ্যে রয়েছে: বিদেশে এক্সচেঞ্জ হাউসগুলোকে বন্ড বিক্রির ক্ষমতা দেওয়া, পাসপোর্টে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো ভিসা রিকোয়ার্ড’ বা ভিসা লাগবে না সিল থাকলেই তাঁদের কাছে বন্ড বিক্রি, ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলার বাধ্যবাধকতা দূর করা ইত্যাদি। জানা গেছে, সমস্যা চিহ্নিত হলেও তা দূর করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।