প্রবাসী বাংলাদেশিদের বন্ডে মুনাফার হার বাড়ানো হচ্ছে
বৈদেশিক মুদ্রার জোগান বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বন্ডে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার।এ জন্য প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু জাতীয় সঞ্চয় পরিদপ্তরের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে মুনাফার হার ও বন্ডের মূল্যমান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্য দুটি বন্ডের (ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড) মুনাফা বাড়বে না।সচিবালয়ে গতকাল মঙ্গলবার বন্ডগুলোকে প্রবাসীদের কাছে আকৃষ্ট করার কৌশল নির্ধারণ বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি জানান, আগামী অর্থবছর থেকে দেশে সভরেন (সার্বভৌম) বন্ড চালু করা হবে।বৈঠকে অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবির, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক মাহবুবা আক্তার মিনাসহ বাংলাদেশ ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি কার্যপত্র তুলে ধরা হয়। কার্যপত্রে বলা হয়, উল্লিখিত তিনটি বন্ডই দেশের যেকোনো তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি সঞ্চয় স্কিমের তুলনায় বেশি আকর্ষণীয়। তা সত্ত্বেও এগুলোর বিক্রি আশাব্যঞ্জক নয়।বন্ডের জটিল বিক্রয় পদ্ধতি, বিক্রির জন্য ভালো কোনো সরকারি উদ্যোগ না থাকা এবং লাভজনক এই বিনিয়োগ সম্পর্কে বিনিয়োগকারীদের কাছে সঠিক ধারণা দিতে না পারাই এ জন্য দায়ী।অর্থমন্ত্রী ও অর্থসচিব—উভয়েই জানান, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের বর্তমানের মুনাফার হার ১১ দশমিক ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হবে। এ ছাড়া বড় বিনিয়োগকারীদের কথা বিবেচনায় রেখে পাঁচ ও ১০ লাখ টাকা মূল্যমানের বন্ড চালু করা যেতে পারে বলে জানান অর্থসচিব।ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের সুবিধা বিবেচনায় ব্রিটিশ পাউন্ড এবং ইউরোতে বন্ড কেনা এবং মেয়াদ শেষে তা পরিশোধের বিধান করা যেতে পারে বলেও কার্যপত্রে উল্লেখ করা হয়। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফার হার ৬ দশমিক ৫ শতাংশ এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের মুনাফার হার ৭ দশমিক ৫ শতাংশ পরিবর্তন করার দরকার নেই বলে কার্যপত্রে তুলে ধরা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন যোগ করলে কার্যকর হার ১১ শতাংশের বেশি হয়, যা আকর্ষণীয়।বিক্রি আকর্ষণীয় করতে তিনটি বন্ডের ক্ষেত্রেই নীতিসহায়তা ও বিপণনব্যবস্থা তুলে ধরা হয় বৈঠকে। এগুলোর মধ্যে রয়েছে: বিদেশে এক্সচেঞ্জ হাউসগুলোকে বন্ড বিক্রির ক্ষমতা দেওয়া, পাসপোর্টে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো ভিসা রিকোয়ার্ড’ বা ভিসা লাগবে না সিল থাকলেই তাদের কাছে বন্ড বিক্রি, ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলার বাধ্যবাধকতা দূর করা ইত্যাদি।বাংলাদেশ ব্যাংককে নিয়ে এ ব্যাপারে ত্রিপক্ষীয় একটি সমীক্ষা করা দরকার বলে জানান অর্থমন্ত্রী। আলোচ্যসূচিতে না থাকলেও অর্থমন্ত্রী সার্বভৌম বন্ড নিয়ে বৈঠকে কথা বলেন। তিনি বলেন, এটি আরও আগেই চালু করা উচিত ছিল। তবে আগামী অর্থবছর থেকেই তা চালু করা হবে। উল্লেখ্য, তিনটি বন্ড প্রবাসী বাংলাদেশিদের জন্য হলেও সার্বভৌম বন্ড বিশ্বের যেকোনো দেশের নাগরিকই কিনতে পারবেন।