প্রবাসী বিনিয়োগকারীরা বিরক্ত হয়ে ফিরে গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সালেহ উদ্দিন আলী আহমদ
সালেহ উদ্দিন আলী আহমদ
সম্ভাবনা থাকার পরও সিলেটের পর্যটন খাতের বিকাশ হচ্ছে না। শিল্প খাতেও বিনিয়োগের সুযোগ আছে, তবে আগ্রহ দেখাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা। এসব বিষয় নিয়ে ১৫ জানুয়ারি সন্ধ্যায় সিলেটের হোটেল প্যাসিফিকে বসে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালেহ উদ্দিন আলী আহমদ

প্রথম আলো: সিলেটে পর্যটন খাতের সম্ভাবনা অনেক। তবে সেটিকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না কেন। সমস্যা কোথায়?
সালেহ উদ্দিন আলী আহমদ: অনুন্নত রাস্তাঘাট ও সুযোগ-সুবিধার অভাবেই মূলত সিলেটের পর্যটন খাতের সম্ভাবনা আটকে আছে। গত মাসে পর্যটনমন্ত্রী ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেটে আসেন। তখন এক বৈঠকে পর্যটনমন্ত্রী সিলেটকে পর্যটনের সেকেন্ড ডেসটিনেশন হিসেবে ঘোষণা করেন। আমরা তখন রাস্তাঘাটের উন্নয়ন ও কানেকটিভিটি বাড়ানোর কথা বলেছি। সিলেট-চট্টগ্রাম ও সিলেট-গোহাটি বিমান চালু করার কথা বলেছি, যাতে বাংলাদেশের মানুষের পাশাপাশি ভারতের সাতটি রাজ্যের মানুষ সহজেই এখানে আসতে পারেন। ভারতের শিলংয়ে একটি ক্লিন ভিলেজ আছে। ছিমছাম পরিবেশ। বিশেষ কিছু নেই, তারপরও মানুষ সেখানে আসছেন ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। সিলেটের রাতারগুল, বিছনাকান্দি, লালা খালের মতো জায়গায় এ ধরনের ছোট গ্রাম করা যেতে পারে। আসলে সরকার আহামরি কিছু না করলেও বেসরকারি খাতের উদ্যোগে আমাদের পর্যটনশিল্প অনেক দূর এগিয়ে গেছে। গত পাঁচ-সাত বছরে সিলেটের হোটেল খাতে হাজার কোটি টাকার ওপর বিনিয়োগ হয়েছে। পাইপলাইনে আছে আরও হাজার কোটি টাকার বিনিয়োগ। সরকার এখন যদি আমাদের পর্যটন কেন্দ্রগুলোকে একটু তুলে ধরে, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে, তবেই হবে।
প্রথম আলো: সম্প্রতি সিলেটে ট্যুরিস্ট পুলিশ চালু হয়েছে। এতে কি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে কোনো উন্নতি হয়েছে?

.
.


সালেহ উদ্দিন আলী আহমদ: কোনো পর্যটন কেন্দ্রে পর্যটকদের টানতে হলে প্রথম শর্ত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে সংখ্যায় কম হওয়ায় ট্যুরিস্ট পুলিশ যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। এটি বাড়ানো প্রয়োজন।
প্রথম আলো: সিলেটের ব্যবসায়ীরা শিল্প স্থাপনের চেয়ে দোকানদারিতেই বেশি আগ্রহী। ভবিষ্যতে কোনো পরিবর্তনের সম্ভাবনা কি দেখছেন?
সালেহ উদ্দিন আলী আহমদ: সিলেটের স্থানীয় লোকজন এখানে বড় শিল্প করতে পারেননি। তবে বিদেশি প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট সিলেটে বিনিয়োগ করেছে। তাই বলা যায়, সাহস করে উদ্যোগ নিলে সফল হওয়া যায়। সিলেট অঞ্চলে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে সরকার। এ ছাড়া সিলেটের কোম্পানীগঞ্জে ১৬১ একর জমির ওপর হাইটেক পার্ক হচ্ছে। এসব হয়ে গেলে সিলেটের ব্যবসায়ী ও প্রবাসীদের বিনিয়োগের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ইতিমধ্যে সিলেটের অনেক ব্যবসায়ী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। তবে দক্ষ শ্রমিক পাবেন কি না, সে বিষয়ে তাঁরা এগোতে একটু ভয় পাচ্ছেন।
প্রথম আলো: সিলেটের প্রবাসীরা দেশে বিনিয়োগে আসছেন না কেন?
সালেহ উদ্দিন আলী আহমদ: প্রবাসীরা যে আসছেন না সেটি ঠিক নয়। মাঝে অনেক প্রবাসী বিনিয়োগের জন্য টাকা নিয়ে এসেও দেশে আমলাতান্ত্রিক জটিলতায় বিরক্ত হয়ে ফিরে গেছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে নিরুৎসাহিত হয়েছেন। বিনিয়োগ বোর্ড ওয়ান স্টপ চালু করার কথা বলে। কিন্তু একটি শিল্প স্থাপন করতে হলে এখনো ১৯-২০ দপ্তরে যেতে হয়। এটি দেশি-বিদেশি কোনো বিনিয়োগকারীর জন্যই সুখকর নয়। তবে ২৫-২৬ জানুয়ারি ঢাকায় একটি বিনিয়োগ বিষয়ে সম্মেলন হবে। সেখানে যুক্তরাজ্যে প্রবাসীদের দুটি দল আসবে। সেখানে বিনিয়োগে আসতে প্রবাসীদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হবে।
প্রথম আলো: বড় শিল্পের পাশাপাশি সিলেট অঞ্চলে ছোট শিল্পও অন্য বিভাগের চেয়ে কম হচ্ছে। এর পেছনে কী কারণ?
সালেহ উদ্দিন আলী আহমদ: এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কয়েকটি খাতের ওপর উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকার ও এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, এসএমই খাতে স্বল্প সুদে ঋণ পাওয়া যায়। কিন্তু এসএমই উদ্যোক্তারা ১৩-১৪ শতাংশের কম সুদে ঋণ পান না। এমনটি হলে তো খুব বেশি এগোনো যাবে না। এ ছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আতর এখন রপ্তানি হচ্ছে। সম্ভাবনাময় এই খাতের উদ্যোক্তারা মাত্র ৪ ইঞ্চি ব্যাসের গ্যাসলাইন চেয়েও পাচ্ছেন না। এমনটা হলে তো ক্ষুদ্র ও মাঝারি শিল্প পিছিয়েই থাকবে।
প্রথম আলো: সিলেটের পাশেই ভারতের সাত রাজ্য। এখানকার বিশাল বাজার কাজে লাগানোর বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি?
সালেহ উদ্দিন আলী আহমদ: ভারতের সাত রাজ্যে বিশাল বাজার আছে। এটিকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যাবে। প্রাণ গ্রুপ এই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে। তবে কিছু অশুল্ক বাধার কারণে সুযোগ থাকা সত্ত্বেও পণ্য রপ্তানি বাড়ানো যাচ্ছে না। এগুলো দূর করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে।
প্রথম আলো: সম্প্রতি সরকার সিটি করপোরেশন এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন ফি বৃদ্ধি করেছে। এতে কি ব্যবসায়ীরা অসন্তুষ্ট?
সালেহ উদ্দিন আলী আহমদ: একসঙ্গে ট্রেড লাইসেন্স ফি ৫০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাঁচ হাজার টাকার ট্রেড লাইসেন্স ফি ২৫-৩০ হাজার টাকা করা হয়েছে। এটা অমানবিক। সিলেটের একজন ব্যবসায়ী সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। প্রতিবাদে অন্য ব্যবসায়ীরাও আন্দোলন, সংগ্রাম ও মানববন্ধন করেছেন। এটাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা দরকার।
প্রথম আলো: দীর্ঘদিন ধরেই তো ভারতের মেঘালয় থেকে কয়লা ও পাথর আমদানি নিয়ে জটিলতা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না?
সালেহ উদ্দিন আলী আহমদ: ভারতের মেঘালয় রাজ্য থেকে সাশ্রয়ী মূল্যে কয়লা আমদানি করতে পারি আমরা। তবে সেখানকার পরিবেশবাদীদের বাধার মুখে কয়লা আমদানি বন্ধ আছে। ভারতের আদালত নির্দেশ দিয়েছেন উত্তোলিত কয়লাই শুধু রপ্তানি করা যাবে। সম্প্রতি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তিনি জানিয়েছেন কয়লার জন্য একটি নীতি করেছেন তাঁরা। তাঁরাও হিসাব করে দেখেছেন, কয়লা রপ্তানি বন্ধ থাকায় তাঁদের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। তাঁদের উপলব্ধি হয়েছে মাটির নিচে সম্পদ রেখে লাভ নেই। আশা করছি, কয়লা আমদানির সমস্যা দূর হবে। একই সঙ্গে পাথর আমদানি শুরু হবে। তাঁরাও এ বিষয়ে আগ্রহী।
সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার ও উজ্জ্বল মেহেদী