বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি বাস করেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, ভূমি অব্যবস্থাপনা, পরিকল্পনা ও সরকারের নীতি-সহায়তার অভাবসহ নানা কারণে প্রবাসীরা দেশে সরাসরি বিনিয়োগ করতে পারছেন না।সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিজ (সেন্টার ফর এনআরবি) আয়োজিত ‘প্রবাসী বাংলাদেশি ও প্রবাসীদের সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহের স্বীকৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, এসব সমস্যা সমাধান ও পাশাপাশি প্রবাসীদের সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোকে সরকার স্বীকৃতি দিলে অবস্থার পরিবর্তন হবে। তখন প্রবাসীরা বিনিয়োগ করতে উৎসাহী হবেন।সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সঞ্চালনায় রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে ড্যান মজীনা বলেন, বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে, অনেক সুযোগ আছে। মেধা-সম্পদ ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলেই তরুণ প্রবাসী উদ্যোক্তারা সোনার বাংলা গড়তে ভূমিকা রাখতে পারবেন। অবশ্য এ জন্য গ্যাস, বিদ্যুৎ, দুর্নীতি, অবকাঠামো, ভবন ও অগ্নিনিরাপত্তা নিয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, চলতি সপ্তাহেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুক্ত আকাশ বিমান চলাচল চুক্তি সই হবে। তারপর ঢাকা-নিউইয়র্ক সরাসরি বিমান চলাচল শুরু হবে। আতিউর রহমান বলেন, ‘আমাদের চলতি হিসাব ইতিবাচক। এর পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী-আয় বড় ভূমিকা রাখছে। এ জন্য দেশের সামষ্টিক অর্থনীতি এখন শক্তিশালী।’সেকিল চৌধুরী বলেন, প্রবাসীরা বিনিয়োগের চেষ্টা করলে প্রথমেই জমি কিনতে গিয়ে সমস্যায় পড়েন। স্থানীয় প্রশাসন এ ক্ষেত্রে সহায়তা করতে পারে না। তা ছাড়া বিনিয়োগ বোর্ডে নিবন্ধন নিতে গেলেও তাঁরা হেনস্তা হন। নিরাপত্তাহীনতার সমস্যাও খুব একটা কম নয়।সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি মোহাম্মদ নূরুল আমিন, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার প্রমুখ। মুক্ত আলোচনায় বেশ কয়েকজন প্রবাসী অংশ নেন। তাঁরা বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান, সিলেট থেকে সরাসরি ফ্লাইটের জন্য ফুয়েল স্টেশন স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবাসীদের জন্য বিশেষ কোটা বরাদ্দসহ বিভিন্ন দাবি জানান।