প্রবাসী বিনিয়োগ বাড়াতে লন্ডনে শেয়ারবাজার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী ও বিদেশি বিনিয়োগ বাড়াতে আগামী বছরের এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ শেয়ারবাজার মেলা’। তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন ব্রোকারেজ হাউসের প্রায় ৬০টি স্টল থাকবে।পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অবস্থিত ওয়াটার লিলি বিজনেস সেন্টারে আগামী বছরের ১৫ থেকে ১৭ এপ্রিল ওই মেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো মেলাটির আয়োজন করছে ‘কারি লাইফ ইভেন্টস’।মেলা সম্পর্কে বিস্তারিত জানাতে আয়োজক প্রতিষ্ঠানটি রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কারি লাইফ ইভেন্টসের চেয়ারম্যান সৈয়দ বেলাল আহমদ, যোগাযোগ পরিচালক সৈয়দ নাহাস পাশা, মো. শরিফুল ইসলাম ও মোহাম্মদ এন এস কবির।সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের সব তথ্য ও সুবিধাদি প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগে আকৃষ্ট করতে মেলা চলাকালে সেমিনার, নেটওয়ার্কিং ইভনিংসহ নানা কর্মসূচির আয়োজন থাকবে। দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো লন্ডনে অনুষ্ঠেয় ওই শেয়ারবাজার মেলায় অংশ নেবে বলে আশা করেন আয়োজকেরা।সৈয়দ বেলাল আহমদ বলেন, যুক্তরাজ্যপ্রবাসী অধিকাংশ মানুষের কাছে অনেক পুঁজি আছে। তাঁরা যদি ওই পুঁজি দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করেন, তা বাজারের জন্য ইতিবাচক হবে। তিনি আরও বলেন, দেশের শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অনেক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এতে শেয়ারবাজার আবার ঘুরে দাঁড়াচ্ছে। এ অবস্থায় অনেক প্রবাসীই এখানে বিনিয়োগ করতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।বাংলাদেশ শেয়ারবাজার মেলা আয়োজনে সহযোগিতা করছে যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ম্যাগাজিন কারি লাইফ, সংবাদপত্র সাপ্তাহিক জনমত ও ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিবিসি।আয়োজকেরা জানান, কারি লাইফ ইভেন্টস চলতি ২০১১ সালের মার্চে লন্ডনে প্রথমবারের মতো শেয়ারবাজার মেলার আয়োজন করে। তিন দিনব্যাপী ওই মেলায় প্রায় ১০ হাজার দর্শনার্থী আসে। এক হাজারের বেশি প্রবাসী শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিও অ্যাকাউন্ট খোলেন।প্রসঙ্গত, কারি লাইফ ইভেন্টস যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এটি যুক্তরাজ্যভিত্তিক একটি মিডিয়া প্রতিষ্ঠান।