প্রবাসী মিশনের ২২টি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে বিদেশে বাংলাদেশের ৪৪টি মিশনের মধ্যে ২২টি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। আর ব্যর্থ হয়েছে বাকি ২২টি মিশন।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য আনুযায়ী, অর্থবছরের প্রথম মাসে প্রবাসে বাংলাদেশি মিশনগুলো পণ্য রপ্তানিতে আয় করেছে ২৪৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এটি এই সময়কালে ২৩৪ কোটি ৯০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৩ শতাংশ বেশি। এর আগের ২০১১-১২ অর্থবছরের একই মাসে মিশনগুলোর মাধ্যমে রপ্তানি আয় হয় ২৩৩ কোটি ৯৫ লাখ ডলার। সেই হিসেবে এবার অবশ্য আয় বেড়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। ইপিবির তথ্যমতে, লক্ষ্যমাত্রা অর্জনকারী ২২টি মিশনের মাধ্যমে রপ্তানি আয় হয়েছে ১৭৭ কোটি ৮৩ লাখ ডলার। এটি আলোচ্য সময়ে এসব মিশনের জন্য নির্ধারিত ১৬০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৭০ শতাংশ বেশি। একই সঙ্গে এটি এর আগের বছরের চেয়ে প্রায় ৫ দশমিক ৭০ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম মিশনগুলো হলো: ওয়াশিংটন, বার্লিন, মাদ্রিদ, রোম, অটোয়া, হেগ, স্টোকহোম, ব্রাসেলস, আংকারা, ক্যানবেরা, হংকং, দুবাই, তেহরান, কুয়ালালামপুর, কায়রো, জাকার্তা, কুয়েত, নাইরোবি, তাসখন্দ, দোহা, মানামা ও মাসকট। অন্যদিকে আলোচ্য সময়ে যে ২২টি মিশন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলো হলো: লন্ডন, মস্কো, টোকিও, নয়াদিল্লি, বেইজিং, রিয়াদ, প্রিটোরিয়া, ব্যাংকক, কাঠমান্ডু, আম্মান, রাবাত, ম্যানিলা, ত্রিপোলি, প্যারিস, সিউল, সিঙ্গাপুর, ইসলামাবাদ, কলম্বো, হ্যানয়, ইয়াঙ্গুন, থিম্পু ও ব্রুনাই।