প্রবাসী মিশনের ২৫টি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ
বিদায়ী ২০১১-১২ অর্থবছরে বিদেশে বাংলাদেশের ৪৪টি মিশনের মধ্যে ২৫টিই রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে মাদ্রিদ, লন্ডন, কাঠমান্ডু, ত্রিপোলি, টোকিও, বেইজিংসহ ১৯টি মিশন তাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০১১-১২ অর্থবছরে প্রবাসে বাংলাদেশের মোট ৪৪টি মিশন সার্বিকভাবে পণ্য রপ্তানিতে আয় করে দুই হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। এটি এই সময়কালে দুই হাজার ৬৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৩৫ শতাংশ কম। কিন্তু এটি ২০১০-১১ অর্থবছর থেকে ৫ দশমিক ৯৩ শতাংশ বেশি।ইপিবির তথ্যমতে, আলোচ্য সময়ে বাংলাদেশের ১৯টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এই মিশনগুলো থেকে ৫৭৮ কোটি ২৫ লাখ ডলার আয় হয়েছে। এটি এ সময়ের ৫৩০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৯৬ শতাংশ বেশি। একই সঙ্গে এটি তার আগের বছরের চেয়ে প্রায় ২৬ শতাংশ বেশি।লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম মিশনগুলো হচ্ছে: মাদ্রিদ, লন্ডন, কাঠমান্ডু, ত্রিপোলি, টোকিও, বেইজিং, ব্যাংকক, কলম্বো, কুয়েত, মাসকট, সিঙ্গাপুর, মস্কো, সিউল, ব্রুনাই, নাইরোবি, দুবাই, থিম্পু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুন।অন্যদিকে, আলোচ্য সময়ে ২৫টি মিশন এবার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এগুলোর মধ্যে ১৪টি মিশন ২০১০-১১ অর্থবছরের চেয়ে রপ্তানি আয় বেশি করলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সেগুলো হচ্ছে: ওয়াশিংটন, বার্লিন, দোহা, রোম, রিয়াদ, অটোয়া, হংকং, স্টকহোম, ক্যানবেরা, তাসখন্দ, ব্রাসেলস, মানামা, আম্মান ও প্রিটোরিয়া। তবে ১১টি মিশনের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা এবং গত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়—উভয় ক্ষেত্রেই কমেছে। এগুলো হচ্ছে: প্যারিস, হেগ, নয়াদিল্লি, ইসলামাবাদ, আঙ্কারা, হ্যানয়, রাবাত, জাকার্তা, কায়রো ও ম্যানিলা।ইপিবির তথ্যমতে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এই ২৫টি মিশন থেকে এক হাজার ৭৮৬ কোটি ৬৭ লাখ ডলার আয় হয়েছে, যা এ সময়ের দুই হাজার ৫৩ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শতাংশ কম। তবে তা আগের অর্থবছরের চেয়ে প্রায় শূন্য দশমিক ৮২ শতাংশ বেশি।ইপিবির তথ্যানুযায়ী, বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ওয়াশিংটন মিশন থেকে সবচেয়ে বেশি ৫৪০ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। তবে তা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ১১ শতাংশ কম। কিন্তু এই আয় আগের অর্থবছরের চেয়ে ১ দশমিক ২৬ শতাংশ বেশি।আলোচ্য সময়ে দ্বিতীয় সর্বোচ্চ বার্লিন মিশন থেকে ৩৮৯ কোটি ডলার আয় হয়েছে। তবে তা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬৫ শতাংশ কম। কিন্তু তার আগের বছরের চেয়ে ৮ দশমিক ২৫ শতাংশ বেশি। এ ছাড়া রপ্তানি আয়ের তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে লন্ডন, প্যারিস ও হেগ।অন্যদিকে, দেশের ১৬টি বৈদেশিক মিশনের বাণিজ্যিক শাখার (উইং) মধ্যে আটটি আলোচ্য সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। বাকি আটটি বাণিজ্যিক শাখা অর্জনে ব্যর্থ।