প্রবাসী শ্রমজীবীদের আইনি সহায়তা দিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমজীবীদের আইনি সহায়তা দিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং ২০১২ থেকে ২০২১ সময়কালকে অভিবাসন দশক ঘোষণার দাবি জানানো হয়েছে।গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোনার মানুষ’ পুরস্কার প্রদান ও রেমিট্যান্স উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণ করেন। ইসলামী ব্যাংকের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দিচ্ছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সরকারি উদ্যোগ বাড়ানো হয়েছে। এতে বছরে অন্তত এক লাখ প্রশিক্ষিত শ্রমিক বিদেশে পাঠানো সম্ভব হবে।অর্থমন্ত্রীর ভাষ্য, ‘আমাদের জনশক্তি তেমন প্রশিক্ষিত নয়। আমরা অবশ্য প্রশিক্ষণের ব্যবস্থাও ঠিকমতো করতে পারছি না। তবে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের বর্তমান সামর্থ্যে ৫০ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দিতে পারি। আশা করি, কিছু দিনের মধ্যে প্রশিক্ষিত শ্রমিকের সংখ্যা দ্বিগুণ করতে পারব।’বিশ্বব্যাপী বাংলাদেশের শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ থেকে গিয়ে শ্রমিকেরা নানা নির্যাতনের শিকার হচ্ছেন। চুক্তিবদ্ধ হয়ে গিয়েও চুক্তিকৃত চাকরি পাচ্ছে না।’ তিনি বলেন, শ্রমিকদের ভিসা পেতে নানাভাবে ঘুষ দেওয়া ও দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হতে হয়। এতে তাঁদের খুব কষ্ট হয়। এসব বন্ধে সরকার চেষ্টা করছে।অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক করা হয়েছে। কিন্তু এই ব্যাংকের কোনো সুবিধা তাঁরা পান না।আনিসুল ইসলাম বলেন, বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে, তখনো পাঁচ লাখ লোক এ দেশ থেকে বিদেশে যাচ্ছে। একটু চেষ্টা করলেই জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়ানো যাবে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ৬০ লাখ প্রবাসীর জন্য মাত্র ১১ জন শ্রম কাউন্সিলর আছেন। কোনো কারণে তাঁরা জেলে গেলে তাঁদের কোনো আইনি সহায়তাও দেওয়া যাবে না। এ জন্য তিনি শ্রম কাউন্সিলর বাড়ানোসহ শ্রমিকদের আইনি সহায়তা দিতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরাই দেশের অর্থনীতিকে সচল রাখছেন। সত্যিই তাঁরা সোনার মানুষ।রামরুর চেয়ারপারসন তাসনিম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, রামরুর নির্বাহী পরিচালক সি আর আবরার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রবাসী-আয় দেশে প্রেরণ, ব্যবহার ও আনয়নের ক্ষেত্রে সফল ব্যক্তি ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়া হয়। এর আগে সকালে রেমিট্যান্স উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীসহ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।