প্রবাসীদের জন্য ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে প্রবাসীরা নিরাপদে বিনিয়োগ করতে পারেন। এই বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা সম্পূর্ণ আয়করমুক্ত। প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকেরা ৫০০, ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার ও ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের যেকোনো অঙ্কে নিজ নামে এই বন্ড ক্রয় করতে পারবেন। বন্ডের মেয়াদান্তে ৬ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে। যেমন, কোনো ব্যক্তি ৫০০ ডলার বিনিয়োগ করে মেয়াদ পূর্তির পর মুনাফাসহ নিট ৫৯৭ দশমিক ৫০ ডলার পাবেন। তবে মেয়াদ পূর্তির আগে নগদায়ন করলে প্রথম বছরে ৫ দশমিক ৫০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৬ শতাংশ পাওয়া যাবে। মুনাফা ডলারে বা সমমূল্যের বাংলাদেশি টাকায় দেওয়া হবে। বিনিয়োগকারীরা মূল অর্থ ও মুনাফা ডলারে বিদেশে ফেরত নিতে পারবেন। বন্ড ব্যাংকে জমা রেখে দেশে ঋণ নেওয়া যাবে।বন্ডের মেয়াদকালে বিনিয়োগকারীর মৃত্যু হলে বিনিয়োগকৃত অর্থের ওপর রয়েছে ১৫ থেকে ২৫ শতাংশ মৃত্যুঝুঁকি-সুবিধা, যা মূল অর্থ এবং অর্জিত মুনাফার অতিরিক্ত হিসেবে সর্বোচ্চ ২০ লাখ পর্যন্ত টাকা দেওয়া হবে। মৃত্যুঝুঁকি-সুবিধা হিসেবে প্রাপ্ত অর্থ দেশে বা বৈদেশিক মুদ্রায় বিদেশে ফেরত নেওয়ার সুবিধা আছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়ন ছাড়াই প্রবাসী বাংলাদেশিরা শুধু তাঁদের পাসপোর্টের কপি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকেরা পাসপোর্টে ‘ভিসার প্রয়োজন নেই’ ছাপ্পরসংবলিত পাতার অনুলিপি দিয়ে বন্ড কিনতে পারবেন। ১০ লাখ ডলার বা এর বেশি অঙ্কের বিনিয়োগকারীদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মর্যাদা দেওয়া হবে। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড দেশের সব তফসিলি ব্যাংকের এডি বা বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখা, বিদেশে বাংলাদেশি ব্যাংকের শাখা এবং বিদেশে কার্যরত বাংলাদেশি ব্যাংকের আওতাধীন এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমেও কেনা যাবে।