প্রবাসীদের জন্য ইস্টার্ন ব্যাংকের নতুন সেবা ‘স্বদেশ বিনিয়োগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) প্রবাসী বাংলাদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগে সহায়তা করতে ‘স্বদেশ বিনিয়োগ’ নামক একটি নতুন সেবা চালু করেছে। এর ফলে প্রবাসীরা বিও অ্যাকাউন্টের মাধ্যমে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবেন। বিও অ্যাকাউন্ট পরিচালক হবে নন রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা) থেকে। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গতকাল রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের নতুন এ সেবার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান, মার্কেটিং ও ব্রান্ডস প্রধান জিয়াউল করিম এবং এনআরবির বিজনেস প্রধান মো. তৌফিকুল এ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, স্বদেশ বিনিয়োগ সেবার মাধ্যমে প্রবাসীরা পৃথিবীর যেকোনো স্থান থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিপরীতে শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। আইপিও থেকে পাওয়া শেয়ার ইবিএলের মাধ্যমে সেকেন্ডারি বাজারেও বিক্রি করতে পারবেন। ইবিএল সব প্রবাসী বাংলাদেশিকে সেকেন্ডারি মার্কেটে শেয়ার কেনাবেচায় সহায়তা প্রদান করবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রবাসীদের জন্য দেশে বিনিয়োগ সহজ করতে এবং তাঁদের আর্থিক চাহিদা মেটাতে ইবিএল সম্প্রতি একটি স্বতন্ত্র এনআরবি বিভাগ স্থাপন করেছে।