প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সভায় অনুমোদন
প্রবাসীদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল হচ্ছে
প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড বা তহবিল গঠিত হতে যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এ তহবিল গঠন করবে। ২৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সভায় তহবিলটি গঠনের অনুমোদন দেওয়া হয়।
তহবিলটির প্রাথমিক আকার ঠিক করা হয়েছে ৫০০ কোটি টাকা। তবে বে-মেয়াদি তহবিল হওয়ায় এটির আকার বাড়ানোর সুযোগ থাকবে। তহবিলটির নাম ঠিক করা হয়েছে ‘আইসিবি এএমসিএল প্রবাসী শিল্প বিনিয়োগ মিউচুয়াল ফান্ড’। এটির সম্ভাব্য অভিহিত মূল্য বা ফেসভ্যালু ঠিক করা হয়েছে ১০০ টাকা। তহবিলটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে থাকবে সর্বনিম্ন ১০০ ইউনিট। সে ক্ষেত্রে প্রতিটি বাজারগুচ্ছের জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০ হাজার টাকা।
শিল্প উন্নয়ন পরিষদের সভার সিদ্ধান্তের লিখিত অনুমোদন প্রাপ্তির পর এ বিষয়ে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান। তিনি বলেন, পরিষদের সভায় তহবিলটি গঠনের অনুমোদন দেওয়া হলেও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পরই এটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।
শিল্প মন্ত্রণালয় ও আইসিবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালে অনুষ্ঠিত শিল্প উন্নয়ন পরিষদের সভায় প্রবাসীদের জন্য বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। তখনই প্রধানমন্ত্রী এ বিষয়ে নীতিগত সম্মতি দেন। পরে তহবিলটি গঠনের জন্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটিও করা হয়েছিল। তহবিলের রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয় আইসিবিকে।
সংশ্লিষ্ট বিভিন্ন মহল ও নিজেদের কাজের অভিজ্ঞতা ও শিল্প মন্ত্রণালয়সহ গঠিত কমিটির মতামতের ভিত্তিতে আইসিবি একটি রূপরেখা তৈরি করে, যা ২৬ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্প উন্নয়ন পরিষদের সভায় তুলে ধরা হয়। এর ভিত্তিতে সভায় তহবিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভার কার্যবিবরণীর তথ্য ও তহবিলটির রূপরেখা অনুযায়ী, ৫০০ কোটি টাকার এ তহবিলের উদ্যোক্তা হবে আইসিবি। শুরুতে আইসিবি এ তহবিলে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি ৪৫০ কোটি টাকা প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
প্রবাসীদের কাছে তহবিলটিকে আকর্ষণীয় করে তুলতে প্রচলিত মিউচুয়াল ফান্ডের চেয়ে আলাদা কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। প্রতিবছর এ তহবিলে বিনিয়োগের বিপরীতে ৫ শতাংশ ন্যূনতম লভ্যাংশের নিশ্চয়তা থাকবে। পাশাপাশি যদি এটির বাজারমূল্য কখনো অভিহিত মূল্যের নিচে নেমে আসে, সে ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপক অভিহিত মূল্যে ইউনিট কিনে নেওয়ার নিশ্চয়তা দেবে। অভিহিত মূল্যে প্রবাসী বাংলাদেশিদের কাছে এটির ইউনিট বিক্রি করা হবে। ওভার দ্য কাউন্টারে এটির লেনদেন হবে। বিশ্বের বিভিন্ন দেশে স্থাপিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বিদেশে প্রবাসী বাংলাদেশিদের কাছে এটির ইউনিট বিক্রি করা হবে।
তহবিলটির রূপরেখায় বলা হয়েছে, এটির বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও আইসিবির প্রতিনিধিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
জানতে চাইলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, তহবিলটির অর্থ সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপির আওতায় গঠিত বিভিন্ন কোম্পানি, সরকারি লাভজনক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে বিনিয়োগ করা হবে। প্রবাসীদের বিনিয়োগের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মেয়াদি ও বে-মেয়াদি মিলিয়ে বর্তমানে দেশে ৫২টি মিউচুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে আইসিবি ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় রয়েছে ২৪টি মিউচুয়াল ফান্ড।