প্রবাসীদের বন্ড বিক্রিতে ‘লক-ইন’ প্রত্যাহার
প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে তাঁদের কেনা বিভিন্ন মেয়াদি সরকারি ট্রেজারি বন্ড এক বছর মেয়াদ পূর্তির আগেই বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশে নিবাসীদের কাছে বা অন্য প্রবাসীদের কাছে তা বিক্রি করা যাবে।সরকারি ট্রেজারি বন্ড কেনায় গ্রাহকদের উৎসাহিত করতে এই শিথিলতা আনা হয়েছে। এত দিন বলা হয়ে আসছিল, প্রবাসীরা ‘এক বছরের আগে বন্ড বিক্রি করা যাবে না’ এমন শর্ত থাকায় এতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছিলেন না। এর পরিপ্রেক্ষিতেই লক-ইন প্রত্যাহারের এ সিদ্ধান্ত হয়েছে।আবার নতুন করে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ৫, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড চালু আছে। এর আগে একসময় দুই বছর মেয়াদে বন্ড ছিল। তবে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে তা বাতিল করা হয়। বন্ডের দ্বিতীয় স্তরের (সেকেন্ডারি) বাজার তথা গ্রাহক পর্যায়ে বেচাকেনা জোরদার করতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় পাঠিয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ট্রেজারি বন্ড ইস্যুসংক্রান্ত ২০০৭ সালের প্রজ্ঞাপন সংশোধন করে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বন্ড পুনঃ ইস্যু (রি-ইস্যু) পদ্ধতির প্রচলন, বাংলাদেশে নিবাসীদের কাছে অনিবাসীর ধারণ করা ট্রেজারি বন্ড এক বছরের মধ্যে বিক্রয় না করার শর্ত প্রত্যাহার এবং অনলাইনে ট্রেজারি বন্ডের বিড দাখিলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে স্বল্প মেয়াদে বা দুই বছর মেয়াদি বন্ড আবার চালু হচ্ছে। কম সময়ে নগদায়নের উপযোগী বন্ড থাকায় এতে বিনিয়োগের আগ্রহ বাড়তে পারে।