প্রবাসীরা অবদানে শীর্ষে, বাজেট বরাদ্দে নিম্নে
প্রবাসীদের পাঠানো অর্থে দেশের রিজার্ভ দিন দিন শক্তিশালী হলেও বার্ষিক বাজেটে প্রবাসী কর্মীদের জন্য কোনো বরাদ্দ থাকে না। তাই অভিবাসীদের জন্য বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন এই খাতের বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, যে খাত যত আয় করে, সেই হিসাবে বাজেট বরাদ্দ দেওয়া উচিত।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রবাসী কর্মীদের প্রেক্ষাপটে বাজেট পূর্ব আলোচনা’ শীর্ষক এক সেমিনারে এই দাবি তোলা হয়। বেসরকারি সংস্থা ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকুপ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘এটি সত্যি অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনেক বেশি হলেও তাঁদের জন্য সেভাবে বরাদ্দ নেই। সরকারেরও নানা সীমাবদ্ধতা আছে। তবে এরপরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যাশা বেশি বলে সেগুলো চোখে পড়ে না। তবে আমরা চাই নাগরিক সমাজ আমাদের চোখ খুলে দিন। কোন খাতে কত বাজেট বরাদ্দ দেওয়া যেতে পারে, সে বিষয়েও আমাদের যথেষ্ট জ্ঞান নেই। আমরা সবাই মিলে একসঙ্গে এসব বিষয়ে কাজ করতে পারি।’
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি আলী হায়দার চৌধুরী বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। আর প্রবাসীরা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। কাজেই প্রবাসীদের জন্য বাজেট বরাদ্দ বাড়ানো উচিত। শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে প্রবাসীদের জন্য বরাদ্দ রাখা উচিত। প্রবাসী–আয় পাঠানোর জন্যও তাঁদের বিশেষ সুবিধা দেওয়া উচিত’।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ওকুপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম। তিনি তাঁর প্রবন্ধে দেখান প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থবছরে মাত্র ৪৩৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা অগের বছরের চেয়েও কম। এটি বাজেটে কম বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে নিচের দিক থেকে সপ্তম। আর বাজেটে প্রবাসীদের জন্য কোনো বরাদ্দ নেই। এই বরাদ্দ অবশ্যই বাড়ানো উচিত।
ওয়ারবি চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সমন্বয়ে আরও বক্তব্য দেন ওকুপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সারোয়াত বিনতে ইসলাম, ওয়ারবির মহাসচিব ফারুক আহমেদ, পরিচালক জেসিয়া আক্তার, ব্র্যাকের কর্মকর্তা পারভেজ সিদ্দিক, গার্মেন্টস শ্রমিকনেত্রী নাজমা আক্তার, ইনাফি বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত অর্থবছরে মোট বাজেটের শূন্য দশমিক ২২ শতাংশ ছিল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জন্য; যা ওই অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের চেয়ে মাত্র শূন্য দশমিক ৪৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের চিত্রও একই। এ অর্থবছরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জন্য বাজেট মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ১৫ শতাংশ। আর বাজেটে এ পুরো অর্থই খরচ হয় মন্ত্রণালয়ের নিজস্ব খরচের খাতে। এ ক্ষেত্রে অভিবাসীদের জন্য ব্যয় নেই বললেই চলে।
অনুষ্ঠানে বক্তারা নারী শ্রমিকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া, বিদেশগামীদের যথাযথ প্রশিক্ষণ, দূতাবাসে জনবল বাড়ানোসহ নানা সুপারিশ করেন।