প্রবাসী-আয় কমেছে জানুয়ারি মাসে
বছরের প্রথম মাস জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের দেশে পাঠানো আয় রেমিট্যান্স বা প্রবাসী-আয় কমে গেছে। গত মাসে প্রবাসীরা দেশে পাঠান মোট ১২৩ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
এর আগে চলতি অর্থবছর প্রায় সব মাসেই প্রবাসী-আয় বৃদ্ধির প্রবণতা ছিল।
জানুয়ারি মাসে প্রবাসী-আয় আগের বছরের একই মাস ও গত ডিসেম্বরের তুলনায় কমেছে। বলা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতার
কারণে গত মাসে প্রবাসী-আয় কমেছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, প্রবাসীরা দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি বিনিয়োগের উদ্দেশ্যে
দেশে টাকা পাঠিয়ে থাকেন। তবে অবরোধ ও হরতালসহ রাজনৈতিক অস্থিরতায় অনেকেই উদ্বিগ্ন, এ কারণে প্রবাসী-আয় কমে থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের জানুয়ারির তুলনায় এই জানুয়ারিতে প্রবাসী-আয় কম এসেছে ২ কোটি ৭১ লাখ ডলার বা ২ দশমিক ১৫ শতাংশ। আর গত ডিসেম্বরের তুলনায় কমেছে ৪ কোটি ৩ লাখ ডলার বা ৩ দশমিক ১৬ শতাংশ।
জানুয়ারিতে প্রবাসী-আয় কম আসার প্রভাব পড়েছে সামগ্রিক রেমিট্যান্স আয়ের প্রবৃদ্ধিতে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট প্রবাসী-আয় এসেছে ৮৭২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮০৩ কোটি ডলার। এ হিসেবে সাত মাসে রেমিট্যান্স বেড়েছে ৬৯ কোটি ডলার বা ৮ দশমিক ৫৯ শতাংশ। এর আগে গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৩৪ শতাংশ।
এর আগে দীর্ঘ সময় ধরে রেমিট্যান্সে উচ্চপ্রবাহ থাকলেও ২০১৩ সালে তাতে ভাটা পড়ে। ওই সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে জনশক্তি রপ্তানি কমে যায় এবং ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়ে ওঠায় প্রবাসী-আয় কমে যায় বলে ধারণা করা হয়।