চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) বিদেশে বাংলাদেশের ২৫টি মিশন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে একই সঙ্গে বার্লিন, লন্ডন, মাদ্রিদ, স্টকহোম, ব্রাসেলসসহ ১৯টি মিশন তাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। খবর ইউএনবির। ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬১৬ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। এটি গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২২ দশমিক ৫৬ শতাংশ বেশি। তবে এবার আলোচ্য সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬২৬ কোটি ৪৬ লাখ ডলার। সেই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ১ দশমিক ৬১ শতাংশ কম হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে জানা যায়, আলোচ্য সময়ে বাংলাদেশের যে ১৯টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে, সেগুলো হলো: বার্লিন, লন্ডন, রোম, টোকিও, বেইজিং, দোহা, স্টকহোম, কলম্বো, ব্রাসেলস, মাসকট, সিঙ্গাপুর, মাদ্রিদ, সিউল, ব্রুনাই, প্রিটোরিয়া, নাইরোবি, দুবাই, থাসকেন্ট ও থিম্পু। অন্যদিকে, যে ২৫টি মিশন এবার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সেগুলোর মধ্যে ১২টি গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেশি করলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এগুলো হলো: ওয়াশিংটন, প্যারিস, নয়াদিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, ক্যানবেরা, মস্কো, রাবাত, অটোয়া, ত্রিপোলি, জাকার্তা ও তেহরান। অন্যদিকে ১৩টি মিশনের রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে কমেছে। এগুলো হলো: হেগ, আম্মান, ম্যানিলা, হ্যানয়, কুয়েত, কাঠমান্ডু, ইসলামাবাদ, আংকারা, রিয়াদ, হংকং, মানামা, ইয়াঙ্গুন ও কায়রো।ইপিবির তথ্যানুযায়ী, দেশের ১৬টি বৈদেশিক মিশনের বাণিজ্যিক শাখার (উইং) মধ্যে সাতটি আলোচ্য সময়ে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। সেগুলো হচ্ছে: বার্লিন, লন্ডন, দুবাই, ব্রাসেলস, মাদ্রিদ, বেইজিং ও টোকিও। অন্যদিকে, আটটি বাণিজ্যিক শাখা গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেশি করলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।ইপিবি জানায়, লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম ১৯টি মিশন চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৩২১ কোটি ২৪ লাখ ডলার রপ্তানি আয় করেছে। অন্যদিকে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ২৫ মিশনের রপ্তানি আয় ২৭৮ কোটি ২৯ লাখ ডলার।ইপিবির পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত অর্থবছরে ৪৪টি মিশনের মধ্যে ২৯টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছিল। আর ১৫টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।রপ্তানিকারক ও ব্যবসায়ীরা নেতারা অবশ্য বিদেশে বাংলাদেশি মিশনগুলোর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, পণ্যের বাজার বাড়ানোর জন্য যেভাবে কাজ করা প্রয়োজন, অনেক মিশনই তা করে না।মিশনগুলো সক্রিয় হলে বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও অনেক বাড়ানো সম্ভব বলেও রপ্তানিকারকেরা বিভিন্ন সময় অভিমত প্রকাশ করেছেন।