প্রবীণদের জন্য এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণদের দেখাশোনা করার জন্য সামাজিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘জ্যেষ্ঠ নাগরিকদের জন্য সমাজের অনেক করণীয় রয়েছে। বিশ্বের অনেক দেশে প্রবীণদের দায়িত্ব সমাজ নিয়ে থাকে। আমাদের দেশেও নিতে হবে। কারণ, সন্তানেরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে বৃদ্ধদের খোঁজ নিতে পারছে না।’ ঢাকার আগারগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার পিকেএসএফ পরিচালিত ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ কর্মসূচির ওপর অনুষ্ঠিত ‘রাঙিয়ে দিয়ে যাও’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল করিম। তিনি বলেন, প্রবীণদের মর্যাদাপূর্ণ, দারিদ্র্যমুক্ত, কর্মময়, সুস্বাস্থ্য ও নিরাপদ সামাজিক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে পিকেএসএফ নিজস্ব অর্থায়নে ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ কর্মসূচি নামে নতুন কার্যক্রম গ্রহণ করেছে। প্রবীণদের জন্য পিকেএসএফের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তবে তিনি বলেন, ‘আমাদের এখানে প্রবীণ হিতৈষী কেন্দ্রে আসন খুবই কম। প্রবীণদের জন্য তাই সামাজিকভাবে এগিয়ে আসা দরকার।’ বিজ্ঞপ্তি