নতুন মুদ্রানীতিতে ঋণের জোগান পরিমিত রাখল বাংলাদেশ ব্যাংক
প্রবৃদ্ধি অর্জন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে সংশয়

প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনে চলতি বছর বেশ কিছু বাধা দেখছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, বিনিয়োগে বড় ধরনের গতিশীলতা আনতে না পারলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা কম। আর সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা ও মজুরি বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতির হারও নির্ধারিত সীমার মধ্যে আটকে রাখার বিষয়ে আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক।
তবে সরকারের লক্ষ্যমাত্রা অনুসারে প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতিতে নিয়ন্ত্রণে রাখতে ভারসাম্যপূর্ণ মুদ্রাপ্রবাহের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২০১৩-১৪ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণায় বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেছে। এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান জুন-ডিসেম্বর সময়ের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন।
গভর্নর তাঁর লিখিত বক্তব্যে সরকারি ও বেসরকারি খাতে সম্ভাব্য মজুরি বা ভাতা বৃদ্ধির কারণে চাহিদাজনিত, হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় সরবরাহ বিঘ্নজনিত খাদ্য মূল্যস্ফীতি এবং বিরূপ আবহাওয়ায় উৎপাদন বিঘ্নিত হওয়ার আশঙ্কাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ঝুঁকি বলে উল্লেখ করেন।
অন্যদিকে অবকাঠামো খাত ও অন্যান্য বিনিয়োগ কার্যক্রমে বড় ধরনের গতিশীলতা না আনতে পারলে প্রবৃদ্ধি বিগত ১০ বছরের গড় ৬ দশমিক ২ শতাংশের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই বলে মত দেন গভর্নর।
উল্লেখ্য, চলতি অর্থবছরের জাতীয় বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৭ শতাংশ আর প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।
ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। আর আগামী ডিসেম্বর পর্যন্ত এই প্রবৃদ্ধির সীমা হচ্ছে ১৫ দশমিক ৫ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০১২-১৩ সময়ে বার্ষিক ঋণ বৃদ্ধির সীমা ছিল ১৮ দশমিক ৩ শতাংশ। কিন্তু মে মাস পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৩ শতাংশ।
আগের মুদ্রানীতির কর্মসূচি অনুযায়ী বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি না হওয়ার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রসঙ্গে আতিউর রহমান বলেন, গত অর্থবছরের দ্বিতীয়ার্ধে ঘন ঘন হরতাল হয়েছে, যা জানুয়ারির মুদ্রানীতি ভঙ্গি ঘোষণার সময় আন্দাজ করা যায়নি। অপ্রত্যাশিত এই পরিস্থিতির কারণে এবং ব্যবসায়ীরা সাশ্রয়ী সুদে বৈদেশিক ঋণের সুযোগ নেওয়ায় বেসরকারি খাতে অভ্যন্তরীণ ঋণ চাহিদার প্রবৃদ্ধি মন্থর হয়।
গভর্নর নতুন মুদ্রানীতিকে ভারসাম্যপূর্ণ উল্লেখ করে বলেন, প্রবৃদ্ধি সহায়ক হতে তাঁরা নমনীয় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যা করণীয় তা করা হবে। তিনি বলেন, আগের ছয় মাসের মুদ্রানীতির ভঙ্গির ধারাবাহিকতায় এটি করা হয়েছে।
মুদ্রানীতিতে পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণী সুদহার (রেপো) অপরিবর্তিত রাখা হয়েছে। ব্যাংকে প্রচুর পরিমাণে অলস অর্থ থাকায় আমানতের অর্থ থেকে বিধিবদ্ধ জমা (এসএলআর) কমানোর প্রয়োজন মনে করেনি কেন্দ্রীয় ব্যাংক।
নতুন মুদ্রানীতিতে অর্থনীতির বহিঃখাতের স্থিতিশীলতা জোরদার রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রবৃদ্ধি গতিশীল রাখা হবে। টাকার বিনিময় হারে অস্বাভাবিক কোনো অস্থিতিশীলতা পরিহারে বাংলাদেশ ব্যাংক আগের মতোই সজাগ থেকে বিনিময় হারের বাজারভিত্তিক গতিধারা সুষ্ঠু রাখবে বলে উল্লেখ করা হয়েছে।
গভর্নর বলেন, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণ জোগান পাওয়ায় বিঘ্ন সৃষ্টি করবে না। কারণ, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও এখন বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডের চাহিদা সৃষ্টি হয়েছে। সরকারি ও বেসরকারি ঋণের সেকেন্ডারি বাজার কার্যক্রম সাবলীল ও জোরদার করা হবে মুদ্রানীতির অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বেসিক ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংকগুলোর ব্যবস্থাপনার বিষয়ে পরিচালনা পর্ষদগুলোর সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় তাদের ঋণ প্রবৃদ্ধির ওপর সীমা নির্ধারণ এবং বৃহৎ ঋণ, একক ঋণগ্রহীতার সীমার অতিরিক্ত ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের আগে তাদের ব্যবস্থাপনার সুস্পষ্ট অগ্রগতি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রশ্নের জবাবে বলেন, মুদ্রানীতিকে ক্ষতিগ্রস্ত না করে পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা অব্যাহত রাখবে কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের জন্য ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল আগামী সপ্তাহে কার্যকর হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী বলেন, নির্বাচনের আবহাওয়ার কারণে ব্যাংক খাত থেকে অপ্রয়োজনীয়ভাবে মুদ্রার জোগান বাড়বে না। দেশের বাইরে থেকে কিছু হলে সেটা অন্য কথা। তিনি আরও বলেন, প্রকৃত প্রবৃদ্ধি জন্য যেটুকু অর্থের প্রয়োজন, তা জোগানের পরিকল্পনা মুদ্রানীতিতে রাখা হয়েছে।
প্রধান অর্থনীতিবিদ হাসান জামানও এক প্রশ্নের জবাবে বলেন, তাঁরা মুদ্রানীতি প্রণয়নের সময় সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা মাথায় রেখে মুদ্রা সরবরাহ ঠিক করেছেন। আর সময় সময় বাংলাদেশ ব্যাংক জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কলন করবে।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।