প্রবৃদ্ধি অর্জনে দরকার স্বচ্ছতা ও সুশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা গেলে আগামী ২০১৫-১৬ অর্থবছরে ৭ শতাংশ মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করেন সনদপ্রাপ্ত হিসাববিদেরা (সিএ)। প্রস্তাবিত বাজেটের ওপর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ বা আইসিএবি আয়োজিত আলোচনা সভায় এ অভিমত তুলে ধরা হয়।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সভার আয়োজন করা হয়। তাতে বাজেটের ওপর আইসিএবির লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মসিহ্ মালিক চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা অবশ্যই সম্ভব। এ জন্য দুর্নীতি বন্ধের পাশাপাশি জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে কাজ করতে হবে।
৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ শতাংশ।
আইসিএবির নেতারা বলছেন, আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জন করতে হলে এ খাতে ৩০ শতাংশ প্রবৃদ্ধি ঘটাতে হবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরে গবেষণা ও উন্নয়ন বা আরঅ্যান্ডডি বিভাগ প্রতিষ্ঠা করা জরুরি। এ ছাড়া করদাতা ও কর কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বা সাক্ষাৎ যত কমিয়ে আনা যাবে, ততই কর আহরণ বাড়বে বলে মনে করে আইসিএবি।
প্রস্তাবিত বাজেটের বিভিন্ন উদ্যোগের প্রশংসার পাশাপাশি বাজেট পাসের আগে বাস্তবায়নের জন্য বেশ কিছু সুপারিশও তুলে ধরেন। আইসিএবি সুপারিশ করেছে কর আপিল ট্রাইব্যুনালকে এনবিআরের নিয়ন্ত্রণমুক্ত করে তাতে বিচার বিভাগের প্রতিনিধিদের যুক্ত করার, এনবিআরের জনবল কাঠামো ও তাদের দক্ষতা বৃদ্ধি এবং সংসদে সংশোধিত বাজেট নিয়ে দীর্ঘ আলোচনার।
সভায় আইসিএবি জানিয়েছে, প্রতিবছর যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় বা আরজেএসসিতে ৬০ হাজার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদন জমা হয়। অথচ আইসিএবিতে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন জমা হয় সাড়ে ১৩ হাজার। তাহলে বাকি কোম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদন কীভাবে, কারা জমা দেয় এ বিষয়টি খতিয়ে দেখা দরকার। এনবিআর এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখলে রাজস্ব আদায়ে তা সহায়ক হবে বলেও জানিয়েছে আইসিএবি। এ ক্ষেত্রে প্রয়োজনে আইসিএবির পক্ষ থেকে এনবিআরকে সহায়তার আশ্বাস দেওয়া হয়।
আইসিএবির নেতাদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি আব্বাসউদ্দিন খান, মোহাম্মদ হুমায়ুন কবীর, সাইফুল ইসলাম, আবদুস সালাম, বর্তমান সহসভাপতি কামরুল আবেদিন প্রমুখ।
আব্বাসউদ্দিন খান বলেন, আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকর করা হলে তাতে সরকারের ব্যাংকঋণ বেড়ে যাবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা কমিশনকে সবার আগে সক্রিয় হতে হবে।
সাইফুল ইসলাম বলেন, উচ্চ কর হারের কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান নানা পন্থায় মুনাফার একটি অংশ বিদেশ নিয়ে যাচ্ছে। এ প্রবণতা রোধ করতে হলে কর হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা দরকার।
আইসিএবির সহসভাপতি কামরুল আবেদিন বলেন, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য কোম্পানির আর্থিক বছর জুলাই-জুন নির্ধারণ করা হলে তাতে আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা বাড়বে।
এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কৃষি ভর্তুকি যেন প্রকৃত অর্থে প্রান্তিক কৃষকের হাতে পৌঁছায়, সে জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব করেন আইসিএবির নেতারা।