প্রবৃদ্ধি ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। যদিও টেকসই উন্নয়নের পথে আমরা কিছু দূর এগিয়েছি। কিন্তু আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এ জন্য নতুন কর্মসংস্থান, শিক্ষা, পুষ্টি ও সামাজিক নিরাপত্তার ওপর জোর দিতে হবে। অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণসহ টেকসই উন্নয়ন লক্ষ্যের ওপরে বাংলাদেশের অবস্থান তৈরির জন্য জাতীয় পরামর্শমূলক কর্মশালার একটি অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) গতকাল শনিবার নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে।‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য ও ক্ষুধা’ শীর্ষক এই অধিবেশনে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম। আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ প্রমুখ।‘টেকসই উৎপাদন ও ভোগের ধারা’ শীর্ষক এই অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ‘উদীয়মান দেশগুলোর সঙ্গে মিলিয়ে উন্নয়নের জন্য আমাদের এমন একটি কৌশল গ্রহণ করতে হবে, যেটা অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক। একই সঙ্গে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলো সংরক্ষণ করতে হবে।’ এতে আরও বক্তব্য দেন উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের প্রধান ন্যান্সি এ ওয়েবার, ইউএনডিপির প্রভার্টি রিডাকশন ক্লাস্টারের সহযোগী কান্ট্রি ডিরেক্টর পলাশ কান্তি দাশ প্রমুখ।এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এতে বক্তব্য দেন জাতিসংঘের এ দেশীয় সমন্বয়কারী নিল ওয়ালকার। আয়োজকেরা জানান, গত জুনে রিও+২০ সম্মেলনে ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্য নির্ধারণের সুপারিশ করা হয়। আগামী বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বিষয়টি উত্থাপন করা হবে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ সুপারিশমালা তৈরি করছে।