প্রবৃদ্ধি ধরে রাখতে বিশাল এডিপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো আবারও বিশাল আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তৈরি করল সরকার। যদিও বাস্তবায়ন ক্ষমতা আগের মতোই আছে, তেমন বাড়েনি। ফলে চলতি অর্থবছরের এডিপির বাস্তবায়ন পরিস্থিতি আগের মতোই। তার পরও নতুন অর্থবছরের এডিপি ২৩ শতাংশের বেশি বাড়ানো হয়েছে।
আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য পরিকল্পনা কমিশন নতুন এডিপির প্রস্তাব করেছে সাড়ে ৯২ হাজার কোটি টাকা। তবে গত দুই বছরের মতো এবারও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রকল্প ব্যয় মূল এডিপির সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে উন্নয়ন ব্যয় বড় করে দেখানো যায়। সেই হিসাবমতে, আগামী অর্থবছরের প্রস্তাবিত এডিপির আকার দাঁড়াচ্ছে ৯৬ হাজার ৪৯৭ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ প্রস্তাবিত এডিপি অনুমোদনের জন্য উঠছে।
প্রতি অর্থবছরেই বড় আকারের এডিপি করে সরকার। বাস্তবায়ন করতে না পারায় বছরের শেষের দিকে সংশোধন করা হয়। সংশোধিত এডিপিও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। এডিপি তৈরির এই গতানুগতিক ধারা অনুসরণ করে এবারও তৈরি হলো নতুন এডিপি।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত মনে করেন, কাঙ্ক্ষিত হারে বেসরকারি বিনিয়োগ না হওয়ায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারি বিনিয়োগ বাড়াচ্ছে। এর অংশ হিসেবে কয়েক বছর ধরে এডিপির আকার বেশ বাড়ানো হয়েছে। সরকারি বিনিয়োগ বাড়লেও অভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি হয়, যা জিডিপির আকার বাড়াতে সাহায্য করে। বিশাল এডিপিই ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি রাখতে বিশেষ ভূমিকা পালন করছে।
জায়েদ বখত প্রথম আলোকে আরও বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে পুরোনো সমস্যা রয়ে গেছে। আগামী অর্থবছরের বিশাল এডিপির ১ শতাংশ অর্থও যদি অপচয় হয়, তাও বিশাল ক্ষতি। তাই গুণগত মান বজায় রেখে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা উচিত।’ এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ প্রকল্প না নেওয়ার পরামর্শ নেন তিনি।
পিপিপিতে ৪০ প্রকল্প: বর্তমান ক্ষমতাসীন সরকার আগের মেয়াদে ক্ষমতায় এসে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) বড় প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। কয়েক বছর ধরে পিপিপির আওতায় বিনিয়োগের ব্যাপক আশাবাদ প্রচার করা হলেও এখন পর্যন্ত কার্যত কোনো অগ্রগতি নেই। অথচ গত কয়েক বছরের মতো আগামী অর্থবছরের এডিপিতে পিপিপির আওতায় প্রকল্প থাকছে। এবার প্রকল্পের সংখ্যা ৪০।
আবারও পিপিপির আওতায় ১৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ঢাকা পূর্ব ও পশ্চিম দিকে বাইপাস সড়ক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। তবে পিপিপির আওতায় রেলওয়ের উন্নয়নের প্রকল্প না থাকলেও রেলের জমিতে কয়েকটি হাসপাতাল নির্মাণ, পাঁচ তারকা হোটেলও নির্মাণ করতে চায় সরকার। এমনকি বঙ্গবন্ধু সেতুর সৌন্দর্যবর্ধনের মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পও তালিকায় রয়েছে।
পদ্মা সেতুতে বরাদ্দ: নতুন এডিপিতে পদ্মা সেতু প্রকল্পের জন্য বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে কিছুটা কমেছে। আগামী অর্থবছরে পদ্মা সেতুতে ৭ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পুরো অর্থই স্থানীয় উৎস থেকে দেওয়া হবে।
এ অর্থবছরে ৭ হাজার ৮৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। প্রথম নয় মাসে ৩ হাজার ৭৮ কোটি টাকা ব্যয় হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে খরচ করতে না পারায় বরাদ্দের প্রায় ৩ হাজার কোটি টাকা ফেরত যাচ্ছে। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয়ের প্রাক্কলন এখন পর্যন্ত করা আছে ২০ হাজার ৫০৭ কোটি টাকা।
নতুন প্রকল্প: প্রতিবারের মতো আগামী এডিপিতেও নতুন প্রকল্প নিয়ে লুকোচুরি অব্যাহত রয়েছে। নতুন এডিপিতে বরাদ্দসহ নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে মাত্র ৪১টি। এর মধ্যে যোগাযোগ ও পল্লী উন্নয়নের প্রকল্পই ১৫টি। প্রতিবার সংশোধিত এডিপিতে বিপুলসংখ্যক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। আর নতুন এডিপিতে নতুন প্রকল্প কম অন্তর্ভুক্ত করা হয়। তবে বছরজুড়ে এডিপিতে থাকা বরাদ্দহীন অনুমোদিত প্রকল্পগুলো পাস করা হয়।
সেই পুরোনো নিয়মের ব্যত্যয় হয়নি এবারও। নতুন অর্থবছরের এডিপিতে বরাদ্দহীন অননুমোদিত নতুন প্রকল্প রয়েছে ৮৫৭টি। আগামী বছরজুড়ে এ তালিকা থেকে বহু প্রকল্প পাস করা হবে। পরে তা সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করে চলমান প্রকল্প হিসেবে পরের এডিপিতে যাবে।
এডিপির আকার: পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা প্রস্তাবিত ৯২ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৫৮ হাজার কোটি টাকা, আর বিদেশি সহায়তা পাওয়া যাবে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১২৫টি প্রকল্পের জন্য আরও ৩ হাজার ৯৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে আজকের এনইসি সভায় প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রস্তাবিত এডিপির বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়া হতে পারে।
আগামী এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ১২৩। এডিপিতে সবচেয়ে বেশি ২০ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে পরিবহন খাতে, যা মূল এডিপির ২১ দশমিক ৮৮ শতাংশ।
স্থানীয় পর্যায়ে উন্নয়ন সহায়তার নামে ২ হাজার ৫৬০ কোটি টাকা রাখা হয়েছে। এডিপিতে থোক বরাদ্দ ৮৯০ কোটি টাকা।