প্রবৃদ্ধি ধরে রাখা বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ধরে রাখাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গতবারের মতো এবারও একই সমান্তরালে চলছে রাজস্ব আদায়ের গতি-প্রকৃতি।চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আয়ে প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি। আলোচ্য সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ১৫ দশমিক ৪৯ শতাংশ। গত বছর একই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ২০ শতাংশ।এনবিআরের হিসাবমতে, জুলাই-সেপ্টেম্বর সময়কালে ২০ হাজার ৯০৪ কোটি ৫৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৫৬ কোটি টাকা। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা কম আদায় হয়েছে। গত বছর একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৯১ কোটি ২৭ লাখ টাকা।চলতি অর্থবছরে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আয়করসহ এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আমদানি কমে যাওয়ায় আমদানি পর্যায়ে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি। আর গ্যাস ও টেলিকম খাতের ব্যবসা খুব একটা বাড়েনি। বিশেষ করে টেলিকম খাতে ‘এয়ার টাইম’ খুব একটা বাড়েনি, ট্যারিফ মূল্যেও নানা ধরনের ছাড় দিচ্ছে মোবাইল ফোন অপারেটররা। তাই এই দুটি খাত থেকে রাজস্ব আদায় কাঙ্ক্ষিত হারে হচ্ছে না। এ ছাড়া মামলার কারণে টেলিকম খাতে বিপুল পরিমাণ রাজস্ব আটকে রয়েছে।জুলাই-সেপ্টেম্বর সময়কালে আমদানি পর্যায়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় পর্যায়ে মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ মোট রাজস্ব আদায় হয়েছে সাত হাজার ৭৫৩ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ১৯ শতাংশ।এর মধ্যে আমদানি শুল্ক তিন হাজার ৩২১ কোটি টাকা, মূল্য সংযোজন কর (মূসক) তিন হাজার ৩৭৬ কোটি টাকা, সম্পূরক শুল্ক এক হাজার ১৫৪ কোটি টাকা ও রপ্তানি শুল্ক ১০ কোটি ৯৪ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।গত অর্থবছরের একই সময়ে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছিল ছয় হাজার ৭৮১ কোটি ২৯ লাখ টাকা। আর প্রবৃদ্ধি হয়েছিল হার ১১ দশমিক ৪৫ শতাংশ।স্থানীয় পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে সাত হাজার ৪৩০ কোটি এক লাখ টাকা। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৫০ শতাংশ। এর মানে হলো, স্থানীয় পর্যায়ে উৎপাদন বা পণ্যের মূল্য বেড়েছে। অর্থাৎ, দেশের স্থানীয় বাজার আগের চেয়ে সুসংহত বা সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে মূসক পাঁচ হাজার সাত কোটি ৫৪ লাখ টাকা, সম্পূরক শুল্ক দুই হাজার ৩৭০ কোটি টাকা, আবগারি শুল্ক ৫১ কোটি ৩১ লাখ টাকা ও টার্নওভার ট্যাক্স ৬৬ লাখ টাকা।আলোচ্য সময়ে গত অর্থবছরে স্থানীয় পর্যায়ে মোট রাজস্ব আদায় হয়েছিল ছয় হাজার ৭১৮ কোটি ২০ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।এদিকে আলোচ্য সময়ে আয়কর, ভ্রমণ করসহ মোট প্রত্যক্ষ কর আদায় হয়েছে পাঁচ হাজার ৭২০ কোটি ৮১ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৫৯ শতাংশ। আর গতবার এই সময়ে এই খাতে আদায় ছিল চার হাজার ৫৯১ কোটি ৭৮ লাখ টাকা। সে সময় প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশ।এর মধ্যে শুধু আয়কর উপখাতের অবদান পাঁচ হাজার ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকা। আয়কর আদায়ে প্রবৃদ্ধির হার বেশ ভালো হয়েছে, ২৪ দশমিক ৫০ শতাংশ। আর গতবার এই সময়ে এই খাতে আদায় ছিল চার হাজার ৪৯২ কোটি ৫৯ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছিল ২৪ দশমিক ৮৯ শতাংশ।এনবিআরের কর্মকর্তারা অবশ্য জানান, এ বছর স্থানীয় শিল্পকে একটু বেশি সুবিধা দিতে গিয়ে কিছু ছাড় দেওয়া হয়েছে, তাই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি খুব বেশি বাড়েনি। এ ছাড়া কয়েক বছর ধরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে, ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এবার প্রতিটি কর অঞ্চল ও কমিশনারেটকে বাড়তি রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এনবিআর থেকে। এ জন্য বকেয়া কিংবা ফাঁকি দেওয়া রাজস্ব আদায় করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।