অর্থনীতিতে টানাপোড়েন থাকবেই। তার পরও প্রবৃদ্ধি বাড়াতে হবে। একই সঙ্গে দারিদ্র্য কমিয়ে আনতে হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এ জন্য রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সংঘাত নয়, বরং সমন্বয় ঘটাতে হবে। ঢাকা স্কুল অব ইকোনমিকস আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষিতে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরী।আল্লাহ মালিক কাজেমী বলেন, গত বছর রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়া ও বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তিনি বলেন, সরকারের খরচ খুব একটা কমানোর সুযোগ নেই। ফলে প্রবৃদ্ধি বাড়াতে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সামঞ্জস্য না রেখে উপায় নেই। মোস্তফা কামাল মুজেরী বলেন, ‘আমাদের রাজস্বনীতির কোনো ভিত্তি নেই। ১৫ বছর ধরে মূল্যস্ফীতি উল্টোপথে হাঁটছে। যখন আমরা পরিকল্পনা করছি, তখন রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় করতে পারছি না।’মোস্তফা কামাল আরও বলেন, সামাজিক উন্নয়ন ঘটাতে হলে চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় করতে হবে। এই দুটোর মধ্যে সংঘাত ঘটালে কিছু হবে না। একই কথা রাজস্ব ও মুদ্রানীতির ক্ষেত্রেও প্রযোজ্য।কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কখন কোনটা প্রয়োজন, সেটা ভালোভাবে বুঝতে হয়। তেমনিভাবে রাজস্ব ও মুদ্রানীতি বুঝতে হবে, মানতে হবে ও সমন্বয় করতে হবে।