প্রবৃদ্ধি হতে হবে বেশি মানুষের সম্পৃক্ততায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় লোকবক্তৃতায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর রঘুরাম জি রাজন
ঢাকায় লোকবক্তৃতায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর রঘুরাম জি রাজন

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর রঘুরাম জি রাজন বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা কাটাতে উন্নত ও উন্নয়নশীল সব দেশই প্রবৃদ্ধির পেছনে ছুটছে। যেকোনো উপায়ে প্রবৃদ্ধি হতে হবে। এ কারণে প্রবৃদ্ধি টেকসই হচ্ছে না। টেকসই প্রবৃদ্ধির জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর নতুন ব্যবস্থায় শক্তিশালী বহুজাতিক সংস্থা প্রয়োজন। পাশাপাশি সুসংহত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাঠামোগত সংস্কারও প্রয়োজন। অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে হবে। প্রবৃদ্ধি হতে হবে বেশি মানুষের সম্পৃক্ততায়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সফররত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর তাঁর লোকবক্তৃতায় এ কথা বলেন। তিনি এ সময় বলেন, টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে মুক্ত বাণিজ্য, বাজার-সুবিধা ও বৈশ্বিক নাগরিকের দায়িত্ববোধ থেকে প্রতিটি দেশের নাগরিককে কঠোর পরিশ্রম করে যেতে হবে।
রাজধানীর একটি হোটেলে ‘গোয়িং বাস্ট ফর গ্রোথ: পলিসিস আফটার দ্য গ্লোবাল ফিন্যান্সিয়াল ক্রাইসিস’ বিষয়ে এ বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এ লোকবক্তৃতা হয়। এতে অর্থনীতিবিদ, গবেষক, ব্যাংকারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রঘুরাম জি রাজন বলেন, মন্দার সময় পৃথিবীর খুব কম অঞ্চলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হয়েছে। শ্লথ প্রবৃদ্ধির এই সময়টা বেশ বিপজ্জনক ছিল, কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে শিল্পোন্নত ও উদীয়মান বাজার অর্থনীতির দেশগুলো উচ্চ প্রবৃদ্ধি চাইছিল। সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতি শিথিল করে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় নামে। অন্য দেশের প্রবৃদ্ধিতে ভাগ বসিয়ে কীভাবে নিজেরটা বৃদ্ধি করা যায়, সেই নীতি গ্রহণ করে এসব দেশ।
রঘুরাম জি রাজন বলেন, প্রবৃদ্ধি ভালো। কিন্তু টেকসই নয় এমন প্রবৃদ্ধি খারাপ। তাই প্রবৃদ্ধি অর্জনে বেশি মানুষকে সম্পৃক্ত করলেই তা টেকসই হবে। তাঁর মতে, বিনিয়োগের চাহিদা না থাকলে অনেক সময় সুদের হার শূন্য হলে কাজ হবে না। তাই একটা দেশ কীভাবে তাঁর অভ্যন্তরীণ চাহিদা পূরণ করছে, সেটাই দেখার বিষয়। তাঁর মতে, চাহিদা না থাকলে সরবরাহ থাকবে না। সরবরাহ না থাকার মানে হলো উৎপাদন নেই। আবার উৎপাদন না থাকলে কর্মসংস্থান হবে না, বিনিয়োগ হবে না। তাই যেখানে চাহিদা আছে, সেখানে বিনিয়োগ হবেই।
তবে ভৌত অবকাঠামো খাতে বিনিয়োগের সমস্যা তুলে ধরে তিনি বলেন, উন্নয়নশীল দেশে বড় ভৌত অবকাঠামো অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। উদাহরণ দিয়ে তিনি বলেন, সাধারণত উচ্চগতিসম্পন্ন ট্রেন চালু করা হয় দুটি বড় শহরের মধ্যে দ্রুত ও সহজ যোগাযোগের জন্য। কিন্তু রাজনৈতিক নেতারা এ রেলপথকে দুটি নয়, আরও বেশি শহরের সঙ্গে সংযুক্ত করেন। এর ফলে তখন এটি কমিউটার ট্রেনে পরিণত হয়। বিপুল অর্থ বিনিয়োগ করেও প্রকল্পটি তখন বোঝা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য বড় প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারত্বে হওয়া উচিত। তাঁর মতে, সরকারি অর্থে বেশি প্রকল্প হলে লুটপাট হতে পারে। আবার বেসরকারি বিনিয়োগে অধিক মাত্রায় প্রকল্প উদ্যোক্তাদের মধ্যে অতিমাত্রায় মুনাফার প্রবণতা তৈরি হতে পারে।
রঘুরাম জি রাজনের জনবক্তৃতার পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান প্রশ্ন তোলেন, বিশ্বমন্দার পর চীন ও মালয়েশিয়ার এত প্রবৃদ্ধি হচ্ছে, তা কি টেকসই নয়? তাঁর মতে, বিশ্বমন্দা মোকাবিলায় এশিয়ার অভিজ্ঞতাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। নব্বইয়ের দশকে এশিয়ায় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, তা এ অঞ্চলের দেশগুলো নিজস্ব উপায়ে সমাধান করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এ তসলিম বলেন, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু আশানুরূপ বিনিয়োগ হচ্ছে না। এ কারণে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান করা সম্ভব হচ্ছে না, যা দেশের অন্যতম মূল সমস্যা।