প্রবৃদ্ধি হবে ৬ শতাংশের কাছাকাছি: বিশ্বব্যাংক
চলতি ২০১২-১৩ অর্থবছরে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে মনে করছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অর্থবছর শেষে ৬ শতাংশের কাছাকাছি হারে প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। যদিও সরকার চলতি অর্থবছর ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও ৬ শতাংশ প্রবৃদ্ধিকে বেশ ‘স্বাস্থ্যকর’ বলেই মনে করে বিশ্বব্যাংক। বিশেষ করে বিশ্ব অর্থনীতির পরিপ্রেক্ষিতে এটি মোটেও খারাপ নয় বলে মন্তব্য করেছে সংস্থাটি। বিশ্বব্যাংক বলেছে, বছর শেষে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও বাংলাদেশ প্রতিবেশী অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে থাকবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাবে বিশ্বের ১৫০টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ ৩৫-এ জায়গা করে নেবে। এ কারণে ৬ শতাংশ প্রবৃদ্ধিকেও ‘স্বাস্থ্যকর’ মনে করা হচ্ছে। ‘বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বব্যাংক এসব পূর্বাভাস ও মন্তব্য তুলে ধরেছে। গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সম্ভাবনা ও সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এ ছাড়া স্বাগত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন। এ সময় সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশের অর্থনীতির যে শক্তি রয়েছে প্রবৃদ্ধিতে, সেটির যথাযথ প্রতিফলন ঘটছে না। এ কারণে সামর্থ্য থাকার পরও প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। গ্যাস-বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা, বন্দরব্যবস্থায় বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি ব্যাংকিং খাতের অদৃশ্যমান ঝুঁকিগুলো মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বাংলাদেশের পক্ষে ৭ শতাংশ বা তারও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন অসম্ভব কোনো বিষয় নয় বলে মনে করে বিশ্বব্যাংক। বিদ্যমান অর্থনৈতিক শক্তি দিয়েই সেটি সম্ভব। অভ্যন্তরীণ অবস্থা: পদ্মা সেতু প্রকল্প নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনায় থাকা বহুজাতিক এ সংস্থাটি বলছে, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা কমে গেছে। বিশেষ করে ইউরো অঞ্চলে। এর ফলে রপ্তানি প্রবৃদ্ধিও আগের চেয়ে কম। তবে প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি অতীতের শক্ত অবস্থান এখনো ধরে রেখেছে। প্রবাসী-শ্রমিকের সংখ্যা বৃদ্ধির কারণে এ আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র (কুইক রেন্টাল) স্থাপনের ফলে বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করে বিশ্বব্যাংক। তবে চাহিদা ও সরবরাহের মধ্যে এখনো বেশ ব্যবধান রয়ে গেছে। সংস্থাটি বলছে, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির যে উন্নতি হয়েছে সেটি না হলে প্রবৃদ্ধিতে আঘাত আসত। বিদ্যুৎ সরবরাহ বাড়লেও গ্যাসের সরবরাহে বেশ ঘাটতি রয়ে গেছে। ৪০-৪২টি অত্যাধুনিক তৈরি পোশাক কারখানা প্রস্তুত হয়ে বসে আছে। কিন্তু গ্যাসসংযোগ না পাওয়ায় এখনো সেসব কারখানা উৎপাদনে যেতে পারছে না। অথচ কারখানাগুলোতে বিদেশি কার্যাদেশও রয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশের সড়ক যোগাযোগ ও বন্দরব্যবস্থায় বেশ সমস্যা রয়েছে। ঢাকা-চট্টগ্রামসহ মহাসড়কগুলো যাতায়াতের জন্য পুরোপুরি নিরাপদ নয়। এগুলোর উন্নয়ন দরকার। পাশাপাশি বন্দরের সঙ্গে অভ্যন্তরীণ রেল ও নদীপথের যোগাযোগব্যবস্থারও উন্নতি ঘটাতে হবে। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে শিল্প উৎপাদন খাতে শুভ সংবাদ না থাকলেও কৃষি ও সেবা খাতে শুভ ইঙ্গিত রয়েছে বলে মনে করে বিশ্বব্যাংক। এদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য নিম্নমুখী প্রবণতা বাংলাদেশের জন্য সুসংবাদের কারণ বলে মনে করে বিশ্বব্যাংক। আর এ কারণে মূল্যস্ফীতির চাপ অনেকটা কমে এসেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নেওয়া সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সহায়ক ভূমিকা রেখেছে বলে মনে করে সংস্থাটি। বিশ্বব্যাংক বলছে, ব্যাংকিংব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমে আসায় ব্যক্তি খাতকে খুব বেশি সমস্যার মুখোমুখি হতে হয়নি। চার ঝুঁকি: এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য চারটি ঝুঁকি চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে দুটি আন্তর্জাতিক আর দুটি অভ্যন্তরীণ। এগুলো হলো: ইউরো অঞ্চলের আর্থিক সংকট, আন্তর্জাতিক বাজারের তেল ও খাদ্যের মূল্যবৃদ্ধির সম্ভাবনা, অভ্যন্তরীণ ব্যাংকিংব্যবস্থার ঝুঁকি ও নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তার ঝুঁকি। তবে এসব মোকাবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলেও মত দিয়েছে বিশ্বব্যাংক।