প্রবৃদ্ধি হবে ৭.৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭ দশমিক ৩ শতাংশ।
বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল, প্রবাসী-আয়, বিনিয়োগ ও রপ্তানি প্রবাহ বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা, সম্ভাব্য অনুকূল রাজনৈতিক স্থিতিশীলতার কারণে তা অর্জিত হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে তিনি এই হারের লক্ষ্যমাত্রা রেখেছিলেন ৭ দশমিক ২ শতাংশ। কিন্তু অর্জন করতে পারেননি। ছয় মাসের হিসাবে তা অর্জিত হয়েছে ৬ দশমিক ০১ শতাংশ।
অর্থমন্ত্রী গতকাল বাজেট বক্তব্যে বলেছেন, ‘বিশ্ব অর্থনীতির শ্লথগতির মধ্যেও আমরা সন্তোষজনক অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পেরেছি। গত অর্থবছরের দ্বিতীয় ভাগে হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও আমরা ৬ দশমিক ০১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি।’ অর্থবছর শেষে এ প্রবৃদ্ধি ৬ দশমিক ১২ শতাংশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷
অর্থমন্ত্রী বলেন, এর পেছনে শিল্প খাতে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি ভূমিকা রেখেছে। অন্যদিকে, প্রতিকূল আবহাওয়া ও শস্যমূল্য কম থাকায় কৃষি খাতে প্রবৃদ্ধি কিছুটা কম হয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী।
এদিকে দেশে জিনিসপত্রের দাম (মূল্যস্ফীতি) মাত্র সাত শতাংশের কম হারে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরের জন্য যে বাজেট উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী, তাতে তিনি এ বছর মূল্যস্ফীতি সাত শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছিলেন। নতুন বছরের বাজেট বক্তৃতায়ও তিনি চলতি বছরে এ হার বছর শেষে সাত শতাংশ হবে বলে প্রাক্কলন দেখান। আর এপ্রিল পর্যন্ত পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৭ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে বলে সংসদকে জানান।