প্রবৃদ্ধি ৬.৩ শতাংশের বেশি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের নিচে নামবে না, বরং ওপরেই থাকবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। অর্থমন্ত্রী জানান, ‘এটি উচ্চাভিলাষী হয়ে গিয়েছিল। তবে অর্থবছর শেষে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের ওপরে থাকবে।’
সম্প্রতি বিশ্বব্যাংক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। এ প্রসঙ্গে মুহিত বলেন, ‘বিশ্বব্যাংক ও আইএমএফ সব সময়ই রক্ষণশীল পূর্বাভাস দেয়। তাই এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।’
সচিবালয়ে গতকাল সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ সময় উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু নির্মাণকাজ শুরুসহ আগামী ছয় মাসে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। অন্যগুলো হচ্ছে বিমানীতি প্রণয়ন, আর্থিক প্রতিবেদন আইন (এফআরএ) প্রণয়ন, পল্লি সঞ্চয় ব্যাংক স্থাপন এবং ব্যাংক খাতে দুর্নীতি প্রতিরোধ। এ ছাড়া দেশের অর্থনীতি, ব্যাংক, পুঁজিবাজার ও বিমা খাত নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থনীতি: চলতি অর্থবছরের ছয় মাসের অর্জন নিয়ে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, যত কিছুই হোক না কেন, চূড়ান্ত বিচারে ছয় মাসের অর্জন ভালোই হয়েছে। আমদানি একটু কম হলেও রপ্তানির প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো। মোটের ওপর অর্থনীতি সেভাবে বিপর্যস্ত হয়নি।
অর্থনীতি বর্তমানে অন্য একটি মাত্রায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তাতে একে পেছনে টেনে রাখার জন্য দৈত্যের প্রয়োজন। দেশের অর্থনীতিকে আরও বড় করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সুযোগটি কীভাবে কাজে লাগানো যায়, সে জন্যই আজকের (গতকালের) বৈঠক।’ আগামী পাঁচ বছরে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবেই বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
ব্যাংক: সরকারি-বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পাঁচ বছরে ব্যাংক খাত সম্প্রসারিত হয়েছে। ভালোভাবেই কাজ করছে তারা। অনেকে গ্রামে গেছে।
অর্থমন্ত্রী বলেন, দেখা গেছে যে চুরি হয়, কিন্তু ব্যাংকের পর্ষদ কিছুই জানে না। বাংলাদেশ ব্যাংক অবশ্য এ ব্যাপারে কিছু নীতি নির্ধারণ করেছে। খেলাপি ঋণটা হলো আসল সমস্যা। খেলাপি মানেই হলো অস্বাস্থ্যকর বিষয়। খেলাপির হার নামিয়ে আনতে হবে। খেলাপির কারণ কিন্তু দুর্নীতিও।
শুধু শাস্তি দিয়ে ব্যাংক খাতে দুর্নীতি কমানো যাবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
বিমা: বিমা খাতকে দেশের অত্যন্ত জঘন্য খাত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শুধু জঘন্য নয়, এটি দুর্বল খাতও। কারণ, এর প্রসার হলেও নিয়ন্ত্রণ সেভাবে হয়নি।
অর্থমন্ত্রী বলেন, বিমাটা ছিল লুটপাট ও চুরির ক্ষেত্র। কোনো নিয়ন্ত্রণ ছিল না এই খাতে। বর্তমান সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠিত হয়েছে। লুটপাট বন্ধ করা হচ্ছে। এ জন্য অবশ্য বাধাও আসছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘কোনো একটি উদ্যোগ নিলেই ৫০টি মামলা করে দেয়। এর পেছনে থাকে বিমা কোম্পানি। দুষ্ট বিমা কোম্পানি এগুলো। হীন কৃতকর্মের জন্য এদের কঠিন শাস্তি ভোগ করতে হবে।’
বিমা কোম্পানিগুলোকে ‘চুরি-চামারি’ বন্ধের নির্দেশ দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি সাবধান করে দিচ্ছি, আপনারা সভ্য ও যৌক্তিক হোন। নইলে শক্ত হাতে দমন করব।’
উল্লেখ্য, আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের নামে ১৫টি মামলা হয়েছিল গত বছর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে দেখেছে, মামলাগুলো মিথ্যা এবং এগুলো করিয়েছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।
পুঁজিবাজার: পুঁজিবাজার নিয়ে সাংবাদিকেরা ‘খামোখা বকবক করেন’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ভুল প্রতিবেদন করেন। বাজারে ওঠানামা হবেই।’
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন যেকোনো সময়ের তুলনায় স্থিতিশীল। আগে কখনো এত স্থিতিশীল ছিল না। দুই বছরে আইনকানুন সংশোধন করা হয়েছে।
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের কাজে ব্যস্ত থাকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে সবাইকে আগামী দিনের জন্য পাঁচসালা পরিকল্পনা হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।