প্রবৃদ্ধিতে কিছু ছাড় দিয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি
প্রবৃদ্ধি অর্জনে কিছুটা ছাড় দিয়ে হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তাঁর মতে, বাংলাদেশের অর্থনীতি প্রতিশ্রুতিশীল বা বর্ধনশীল, যা ঝুঁকি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন। এই প্রেক্ষাপটে বাজেট বাস্তবায়ন সহজ নয়। এখানে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের সঙ্গে সঙ্গে সামষ্টিক অর্থনীতি নিয়েও গভীরভাবে ভাবতে হবে।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার ‘প্রস্তাবিত বাজেট ২০১২-১৩ কেমন হলো: একটি সমুন্নয় পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় আকবর আলি খান এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘সমুন্নয়’ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।আকবর আলি খান বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশে নেমে আসবে। কিন্তু আইএমএফের ঋণের শর্তের কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। ভর্তুকিও কমানো হয়েছে। খোদ আইএমএফ বলছে, ২০১৩ সালে এসে মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ হবে। আকবর আলি খান বলেন, মূল্যস্ফীতি ৯ বা ১০ শতাংশ যা-ই হোক না কেন, তা খুবই উদ্বেগজনক। মূল্যস্ফীতি অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করে, সুদের হার বাড়িয়ে দেয়, বিনিয়োগ বিঘ্নিত করে, মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। তাই মূল্যস্ফীতির যে ধারা তা নিয়ে তর্ক-বিতর্কের কোনো কারণ নেই। আর আওয়ামী লীগের ইশতেহারে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে।কয়েক দশক ধরেই দেশের অর্থনীতি নিয়ে রাজনীতি হচ্ছে বলেও মন্তব্য করেন আকবর আলি খান। তিনি বলেন, ‘শুধু এই অর্থমন্ত্রী মহোদয়ের ক্ষেত্রেই নয়, কয়েক দশক ধরেই অর্থনীতি নিয়ে রাজনীতি করা হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক কথাবার্তা দিয়ে অর্থনীতি চালানো হচ্ছে। কিন্তু কঠোর বাস্তবতা হচ্ছে, কথা দিয়ে কিছু করা যাবে না। এ জন্য অর্থনীতি নিদারুণ প্রতিশোধ নেবে।’আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে আকবর আলি খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আইএমএফের সঙ্গে চুক্তি করা ভালো হয়েছে। কারণ, আইএমএফের সঙ্গে চুক্তি করা সাহসী উদ্যোগ।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘অর্থমন্ত্রী বলেন যে আইএমএফ কোনো শর্ত দেয়নি। কিন্তু অনেকগুলো টার্গেট দিয়েছে। এগুলো পূরণ করতে বাজেটে কর বাড়ানো ও ভর্তুকি হ্রাসসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎ, গ্যাসের দাম কী দাঁড়াবে, আমরা জানি না।’আকবর আলি খান বলেন, ‘এভাবে টার্গেট বাস্তবায়িত না হলে সরকারকে আরও অনেক ব্যবস্থা নিতে হবে, যা সরকারের জনপ্রিয়তা বাধাগ্রস্ত করবে। আইএমএফের সঙ্গে কী চুক্তি হয়েছে এবং এর কী প্রভাব, জনগণ তা জানে না। কিন্তু এসব বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।’ তিনি বলেন, ‘সরকারের দুঃখ, এত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেও প্রশংসা পাচ্ছে না। আর জনগণের দুঃখ, লোডশেডিংয়ের বোঝা তাদের কাঁধ থেকে নামছে না। কিন্তু বিড়াল সাদা বা কালো কোনো বিষয় না, সেটি ইঁদুর মারতে পারে কি না, তা-ই দেখার বিষয়।’ আকবর আলি খান বলেন, সামগ্রিক বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু বিপরীতমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু আশাব্যঞ্জক, আবার কিছু উদ্বেগজনক। অর্থমন্ত্রী যেখানে আশার আলো দেখিয়েছেন, তা হলো ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন। লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও সাধারণ মানুষের জীবনে তা ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এখন পর্যন্ত ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি, রেমিট্যান্স বৃদ্ধি ও কৃষিতে প্রবৃদ্ধি আশার খবর বলে উল্লেখ করেন তিনি। আকবর আলি খান বলেন, ‘অর্থমন্ত্রী নিজেই বলেছেন, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে, বেসরকারি খাতে বিনিয়োগ শ্লথ হয়েছে। এটা কোনো আশার কথা নয়। কারণ, বেসরকারি খাত হলো দেশের অর্থনীতির মূল চাবিকাঠি। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে আগামী বছর যদি বিনিয়োগ শ্লথ হয়ে আসে, তবে আমাদের জন্য উদ্বেগের কারণ হবে।’কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘বাজেট ঘাটতি ৫ শতাংশ। এতে আমাদের আপত্তি নেই। কিন্তু সরকার যদি এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়, তবে ব্যক্তি খাতের বিনিয়োগ হ্রাস পাবে।’ এ ক্ষেত্রে সরকারকে বন্ড ও সঞ্চয়পত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ নেওয়ার পরামর্শ দেন তিনি। বাজেট পর্যালোচনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক। স্বাগত বক্তব্য দেন সমুন্নয়ের প্রকল্প সমন্বয়কারী দিলরুবা ইয়াসমীন চৌধুরী।