২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা এবং জঙ্গিবাদ দমনে কাজ করা।এই তিনটি বিষয়ে একমত হয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর কার্যালয়ে গতকাল বুধবার এক বৈঠকে তাঁরা এ বিষয়ে একমত হন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্পমন্ত্রী। বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আগামী দশক কিংবা দুই দশকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দুর্নীতি প্রতিরোধ করা, পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা করা এবং বন্দরগুলোর আধুনিকায়ন করতে হবে।শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে শিল্পের প্রবৃদ্ধির হার ৩০ শতাংশ। ২০২১ সালে কীভাবে তা ৪০ শতাংশে উন্নীত করা যায়, সে বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তা ছাড়া আলোচনার বড় একটি অংশ জুড়ে ছিল এ দেশের শিল্প খাতে বিনিয়োগ।শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, চামড়াশিল্প, ওষুধ, পাট ও পাটজাত পণ্য খাত নিয়ে আলোচনা হয়েছে। কিছু সীমাবদ্ধতা দূর করা গেলে এসব খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে।দিলীপ বড়ুয়া বলেন, ‘বৈঠকে আমি রাষ্ট্রদূতকে বলেছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখা প্রয়োজন। তিনি আমার সঙ্গে একমত পোষণ করেছেন।’শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা পাঁচটি কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তৈরি পোশাকে আমরা ভালো করছি। এ দেশের ৭৫ লাখ মানুষ বিভিন্ন দেশে আছে এবং তারা বিশাল অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছে। শিল্পের পুনরুজ্জীবন হচ্ছে। দেশের মানুষ ঋণে বিশ্বাস করে না। আমাদের একজন রিকশাওয়ালাও প্রতিদিন ২০ টাকা সঞ্চয় করতে চায়।’এর আগে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আগামী এক-দুই দশকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব। আগামী দিনে বাংলাদেশ হবে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ। ওষুধ খাতেও অনেক এগিয়ে যাবে। এ ছাড়া চামড়াশিল্পেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।মজীনা বলেন, সাভারে প্রতিষ্ঠা করা চামড়া শিল্পনগর নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, দ্রুত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ শেষ হবে। এটা হলে ঢাকা থেকে ট্যানারি সেখানে স্থানান্তর করা এবং ঢাকার দূষণও কমানো যাবে। এ ছাড়া ওষুধ শিল্পপার্ক নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই এখন ওষুধের বিভিন্ন উপাদান তৈরি করছে। এটা খুবই ভালো দিক।