বাংলাদেশের অর্থনীতিতে বছরে ৬ শতাংশ হারে যে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে, তা ধরে রাখতে হলে প্রশিক্ষিত মানবসম্পদ প্রয়োজন। দেশের ক্রমবর্ধমান তরুণ কর্মীবাহিনী এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।ঢাকায় ব্র্যাক সেন্টার ইনে গতকাল শনিবার ‘বাজার-চালিত উন্নয়নে দক্ষতার ঘাটতি পূরণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সুইসকন্টাক্টের প্রকল্প স্কিলমার্ক এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে লাখ লাখ দক্ষ জনশক্তির চাহিদা পূরণ করতে হলে অংশীদারির ভিত্তিতে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন।কর্মশালার প্রধান অতিথি ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খুরশেদ আলম চৌধুরী। সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন সুইসকন্টাক্টের আঞ্চলিক পরিচালক মানিশ পান্ডে, নেলসন কোম্পানি (বাংলাদেশ)-এর ব্যবস্থাপনা পরিচালক খালিদ হাসান ও আরটিএম ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আহমেদ আল-কবির।খালিদ হাসান শ্রমশক্তি চাহিদা ও জোগান-সংক্রান্ত একটি জরিপের ফলাফল উপস্থাপন করে জানান, চামড়া ও জুতা তৈরি শিল্পের জন্য ২০১১ সাল নাগাদ বাংলাদেশে প্রায় ৬০ হাজার দক্ষ অপারেটর প্রয়োজন। তৈরি পোশাক খাতেও শতকরা ২৫ ভাগ দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। বিজ্ঞপ্তি।