প্রবৃদ্ধির ধারায় প্রবাসী-আয়
গত এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদিশরা মোট ১২৩ কোটি ২৪ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন৷
আগের বছরের একই সময় প্রবাসীরা পাঠিয়েছিলেন ১১৯ কোটি ৪৪ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা৷ অর্থাৎ, মাসওয়াির ভিত্তিতে প্রবাসী-আয়ে (রেমিট্যান্স) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১৮ শতাংশ৷
চলতি অর্থবছরের আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত টানা ছয় মাসে প্রবাসী-আয়ে কোনো প্রবৃদ্ধি ছিল না, বরং তা আগের বছরের একই সময়ের চেয়ে কম ছিল৷ তবে আশার বিষয় হলো গত ফেব্রুয়ারি থেকে আবারও প্রবৃদ্ধির ধারায় এসেছে প্রবাসী-আয়৷
তার পরও আগের বছরের ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে এখনো প্রবাসী-আয়ে কম হয়েছে ৪ দশমিক ৭৮ শতাংশ৷
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসী বাংলাদেশিরা এক হাজার ১৭৩ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় দেশে পাঠিয়েছেন; আগের অর্থবছরে যার পরিমাণ ছিল এক হাজার ২৩২ কোটি ডলার৷
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেক টানাপোড়েনের পর বিদেশে জনশক্তি রপ্তানি কিছুটা বৃদ্ধি হচ্ছে৷ মার্কিন ডলারের মূল্যমান স্থিতিশীল রয়েছে৷ সহজে সুবিধাভোগীর কাছে প্রবাসী-আয়ের অর্থ পৌঁছে যাচ্ছে৷ এসব কারণে মূলত গত তিন মাসে প্রবৃদ্ধির ধারায় এসেছে প্রবাসী-আয়৷