এমসিসিআইয়ের পর্যালোচনা প্রতিবেদনে অভিমত
প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে রাজনৈতিক সংঘাতের অবসান আবশ্যক
চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বিদ্যমান রাজনৈতিক সংঘাতের অবসান অবশ্যই হতে হবে বলে মত প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
বিগত ২০১২-১৩ অর্থবছরের অর্থনীতির ওপর এমসিসিআই যে পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এ অভিমত প্রকাশ করা হয়েছে।
এমসিসিআই বলছে, রাজনৈতিক অস্থিরতার ফলে সৃষ্ট সহিংসতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আঘাত করছে, যা প্রবৃদ্ধির অন্তরায় হয়ে উঠেছে এবং পণ্য সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী করছে।
পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, অস্বস্তিকর রাজনৈতিক অবস্থা সত্ত্বেও গত অর্থবছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ছিল ইতিবাচক। অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে। সংকোচনমূলক মুদ্রানীতি ও স্থির অভ্যন্তরীণ সরবরাহের কারণে মূল্যস্ফীতির হার নিম্নমুখী হয়েছে।
উল্লেখ্য, ২০১২-১৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। আর বছর শেষে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭০ শতাংশ।
এমসিসিআই বলছে, বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে উন্নত বিশ্ব এবং উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি খারাপ হওয়ার অভিজ্ঞতার আলোকে বলা যায় যে বাংলাদেশের অর্থনীতি গত বছর বেশ ভালো করেছে।
এমসিসিআই আরও বলেছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ সন্তোষজনক অবস্থায় আছে। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীল ঋণমান প্রদান করেছে। উৎপাদন শিল্প খাতের অবস্থারও উন্নতি হয়েছে। বিশেষ করে গত অর্থবছরের শেষ প্রান্তিকে বিদ্যুৎ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হওয়ায় শিল্প খাতে বেশ গতিময়তা এসেছে। তবে ভৌত অবকাঠামোজনিত প্রতিবন্ধকতা এবং বিদ্যুৎ-জ্বালানির সংকট কাটিয়ে উঠতে আরও জোরালো তৎপরতা দরকার।
বাণিজ্য সংগঠনটির পর্যালোচনা অনুসারে, দেশের আমদানি ও রপ্তানি খাত এখন কঠিন সময় অতিক্রম করছে। কেননা, ঋণপত্র খোলার জন্য বেশির ভাগ ব্যাংক এখন আগের তুলনায় অধিক হারে অর্থ গ্রাহকের কাছ থেকে জমা নিচ্ছে। আবার যুক্তরাষ্ট্র বাংলাদেশি রপ্তানি পণ্যকে দেওয়া বিশেষ বাজারসুবিধা (জিএসপি) সম্প্রতি স্থগিত করায় আগামী দিনে রপ্তানি আয় কমতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে।
এমসিসিআইয়ের মতে, বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি এখনো সীমিত এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার বেশ নিচে রয়েছে।
রাজনৈতিক অস্থিরতার বাইরে ব্যাংকের অর্থায়ন পেতে চড়া হারে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ব্যয় বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে মনে করে এমসিসিআই।
ব্যাংকঋণের জন্য ব্যয় কমে যৌক্তিক পর্যায়ে না এলে বেসরকারি বিনিয়োগ বাড়বে না উল্লেখ করে এমসিসিআই বলেছে, ২০১৩-১৪ অর্থবছরে কাঙ্ক্ষিত হারে প্রবৃদ্ধি অর্জনও কঠিন হয়ে পড়বে। সরকার এই অর্থবছরে ৭ দশমিক ২০ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে।