প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরে সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে, তা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।ব্যবসায়ী সংগঠনটি বলছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক চাহিদা কম থাকায় শিল্প খাতের প্রবৃদ্ধি কম হওয়ার আশঙ্কা রয়েছে। গ্যাস ও বিদ্যুৎসহ আনুষঙ্গিক কিছু কারণেও কমতে পারে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি। আবার দেশে বিনিয়োগের পরিস্থিতিও সন্তোষজনক নয়। সে কারণে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা চ্যালেঞ্জিং হবে।শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা বাতিল হলে পণ্যের রপ্তানি তো কমবেই, একই সঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে বলেও মনে করে ঢাকা চেম্বার।রাজধানীর মতিঝিলে নিজস্ব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের নেতারা এমন মত দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন চেম্বারের সভাপতি সবুর খান। উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি নেসার মাকসুদ খান, সহসভাপতি আবসার করিম চৌধুরী ও নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা। সংগঠনের নতুন কমিটির এটাই প্রথম সংবাদ সম্মেলন।সবুর খান বলেন, অর্থনৈতিক মন্দার প্রভাবে এমনিতেই এ দেশের রপ্তানি প্রবৃদ্ধি সন্তোষজনক নয়। তার ওপর জিএসপি-সুবিধা বাতিল করা হলে এ দেশের রপ্তানি হুমকির মুখে পড়তে পারে। সরকারিভাবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জিএসপি-সুবিধা বাতিল করলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বহু দিনের দাবিও ম্লান হয়ে যেতে পারে।চেম্বারের সভাপতি বলেন, সংগঠনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এক দিনের হরতালে দেশে ২০ কোটি ডলার ক্ষতি হয়। আর ১৫ দিনের হরতালে যে ক্ষতি হয়, তা দিয়ে একটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।সবুর খান বলেন, জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা একান্ত প্রয়োজন। ব্যবসা-বাণিজ্য যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য সরকারি ও বিরোধী দলকে রাজনীতি করার জন্য রাজপথে না আসার অনুরোধ জানান তিনি। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঢাকার বাইরে অথবা ঢাকার ভেতরে আলাদা খোলা স্থান চিহ্নিত করার প্রস্তাব করেন তিনি।বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিয়ে সভাপতি বলেন, বিদ্যুৎ-পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত নতুন শিল্প-কারখানায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে না। এ অবস্থায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানোয় উৎপাদন ব্যয় বেড়েছে। এতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে দেশের পণ্য টিকে থাকতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। নতুন স্থাপিত শিল্প-কারখানায় বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ দেওয়ার দাবি জানান তিনি।সভাপতি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়নে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর মুনাফার ওপর আরোপ করা কর কমানো উচিত। ব্যাংক আমানতের ওপর সুদহার কমিয়ে জনগণকে শেয়ারবাজারে বিনিয়োগে আকৃষ্ট করার ব্যাপারে মত দেন তিনি।