প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কতটা কমবে ঠিক হয়নি: মুহিত

চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার নিয়ে এবার নতুন কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৩০ শতাংশের নিচে নামবে না বলে জানালেও এখন বলছেন নতুন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়নি। আরও পর্যালোচনা করতে হবে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পরিকল্পনাসচিব ভুঁইয়া সফিকুল ইসলাম, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৩০ শতাংশ থাকবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সেটা বলতে পারব না। কারণ এখনো তা ঠিক করিনি। আজকের বৈঠকে আমরা পর্যালোচনা করেছি। তবে পর্যালোচনা এখনো শেষ হয়নি। আবারও বসতে হবে।’ জিডিপির প্রবৃদ্ধির হারের প্রক্ষেপণ নিয়ে ভিন্নমত আছে বলেও জানান তিনি।
চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ২০ শতাংশ। কয়েক মাসের হরতাল-অবরোধ প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রার ওপর কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিশ্বব্যাংক ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এরই মধ্যে যে যার মত প্রক্ষেপণ করেছে।
বিশ্বব্যাংক বলেছে, অর্থবছর শেষে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশের বেশি অর্জিত হবে না।
সিপিডি বলেছে, প্রবৃদ্ধির হার হতে পারে ৫ দশমিক ৮ শতাংশের মতো।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) কয়েক মাসের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রবৃদ্ধি কমতে পারে বলে আভাস দিয়েছে।
আর বাংলাদেশ ব্যাংক সর্বশেষ মুদ্রানীতিতে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের খুব কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে।
অবরোধ-হরতালের কোনো ভয়াবহ প্রভাব অর্থনীতিতে পড়ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী এক শব্দে বলেন, ‘না।’
বাজেটের আকার কমছে: চলতি অর্থবছরের বাজেটের আকার দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। এ আকার উল্লেখযোগ্য পরিমাণ কমছে বলে বৈঠকসূত্রে জানা গেছে। তবে, কতটা কমছে তা নিয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী।
বৈঠকসূত্রে জানা গেছে, বাজেটের আকার ১৫ হাজার কোটি টাকারও বেশি কমানো হতে পারে। তবে তা দুই লাখ কোটি টাকার ওপরেই থাকবে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কমতে পারে ১১ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়েও আট হাজার ৫০০ কোটি টাকা কম আদায় হয়েছে বলে বৈঠকে তুলে ধরেছে এনবিআর।
এনবিআর জানিয়েছে, অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ১০ হাজার কোটিরও বেশি কমাতে হতে পারে।