
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি গত তিন দশকে তিন গুণ বেড়েছে। একই সময়ে মানবসম্পদ উন্নয়নে প্রবৃদ্ধি হয়েছে দেড় গুণ। কিন্তু এর সুফল সব মানুষ সমানভাবে পাচ্ছে না।
এমন মতামত উঠে এসেছে পাকিস্তানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মাহবুব উল হক কেন্দ্রের ‘দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়ন ২০১৫: অর্থনীতি ও জনগণ’ শীর্ষক এক প্রতিবেদনে। সংস্থাটি প্রতিবছর এ প্রতিবেদন প্রকাশ করে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক সেলিম জাহান। আর গবেষণা প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) বাংলাদেশের অর্থনীতিবিদ ফারিয়া নাঈম।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে বলা হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে গত তিন দশকে গড়ে ৬ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। এ অঞ্চলের প্রবৃদ্ধির সিংহভাগের জোগানদাতা ভারত হলেও এর পরের দুটি অবস্থানে ছিল যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এ অঞ্চলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নারীর উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে।
অনুষ্ঠানে মাহবুব উল হক কেন্দ্রের উপদেষ্টা পরিষদের সদস্য এম সাইদুজ্জামান বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদের উন্নয়ন ঘটাতে হলে এ অঞ্চলের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও দক্ষতা বাড়াতে হবে। এ জন্য দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা।
প্রতিবেদনে মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির বিষয়টি তুলে ধরে বলা হয়, প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশ অনেক সূচকে এগিয়ে রয়েছে। গড় আয়ু, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের সূচকগুলোতে ৩০ বছর ধরে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।