প্রবৃদ্ধির সুবাদে জাপান এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। ২০০৯ সালের চতুর্থ প্রান্তিক তথা অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশটির জিডিপিতে আগের প্রান্তিকের চেয়ে ১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। তবে সার্বিকভাবে জাপানের অর্থনীতি ২০০৯ সালে আগের বছরের তুলনায় ৫ শতাংশ সংকুচিত হয়েছে। শিল্প খাতের উৎপাদন ও পণ্য রপ্তানিতে ধস নামায় জাপানের অর্থনীতি অমন সঙ্গিন দশায় পড়ে। সরকারিভাবে গত সোমবার প্রকাশিত অর্থনৈতিক তথ্য-উপাত্তে দেখা যায়, জাপানের অর্থনীতি এখনো আকারে এশিয়ার প্রধান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবস্থায় রয়েছে, যা বিগত ৪০ বছর ধরেই তারা ধরে রেখেছে।তবে এ ক্ষেত্রে জাপানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এর প্রতিবেশী চীন। বিশ্ব অর্থনীতিতে বর্তমানে তৃতীয় অবস্থানে থাকা চীন শিগগিরই জাপানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে যেতে পারে বলে অর্থনীতিবিদেরা ধারণা করছেন। কারণ চীনের অর্থনীতিতে বর্তমানে উচ্চহারের প্রবৃদ্ধি নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ১৯৭৮ সালে অর্থনীতি উন্মুক্ত করার পরবর্তী ৩০ বছরে চীনের অর্থনীতি গড় বার্ষিক প্রবৃদ্ধি হচ্ছে ৯ শতাংশেরও ওপরে, যা বৈশ্বিক গড়ের চেয়ে তিন গুণ বেশি।আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও স্থানীয় বাজারে ভোক্তাদের চাহিদা বাড়া এবং সরকার আর্থিক প্রণোদনা প্যাকেজ বা কর্মসূচি নেওয়ার সুবাদেই বছর শেষে জাপানের অর্থনীতিতে প্রত্যাশার তুলনায় বেশি প্রবৃদ্ধি হয়েছে। অথচ ২০০৯ সালের গোড়ার দিকেই কিনা দেশটির অর্থনীতি কঠিন এক অবস্থার মধ্যেই ছিল, যেটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে মন্দার সময় বলে বিবেচনা করা হয়।টানা সাতটি প্রান্তিক পরে জাপানে গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অভ্যন্তরীণ চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে, যা বদৌলতে জিডিপিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে। দেশটির মোট ভোক্তাব্যয়ের আকার জিডিপির প্রায় ৬০ শতাংশের সমান। এ প্রান্তিকে ভোক্তাব্যয় আগের তিন মাসের চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।জাপানের সরকারি কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কেইসুকে সুমুরা কোয়ডু বার্তা সংস্থাকে বলেন, জাপানের অর্থনীতি এখন যে ধরনের শক্তিশালী অবস্থায় রয়েছে, তাতে ফের মন্দার কবলে পড়াটা এড়াতে পারবে।অর্থমন্ত্রী নাওতো ক্যান সাংবাদিকদের বলেন, ‘অর্থনৈতিক মন্দা নিয়ে উদ্বেগ কমে আসছে। মেঘের আড়ালে এখন খানিকটা আলোকরশ্মিও দেখা যাচ্ছে। তাই বলে আমরাও কিন্তু কোনো পদক্ষেপ না নিয়ে থাকতে পারি না।’২০০৮ সালের শেষদিকে বিশ্বের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্সের বন্ধ হয়ে যাওয়ার পর গত ডিসেম্বর মাসেই জাপানে প্রথমবারের মতো রপ্তানি আয় ঘুরে দাঁড়িয়েছে। একই মাসে আগের মাসের তুলনায় শিল্প খাতের উৎপাদনও বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। সূত্র: বিবিসি, এপি ও এএফপি।