প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০০৯-১০ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার শেষ পর্যন্ত ৬ শতাংশের নিচেই রইল। সরকার প্রবৃদ্ধির হার ৬ শতাংশ হবে বলে আশাবাদী ছিল। খবর ইউএনবির।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত অর্থবছরের জাতীয় আয়ের যে সংশোধিত হিসাব প্রস্তুত করেছে, তাতে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮৩ শতাংশ দেখানো হয়েছে। এর আগে গত মে মাসে প্রাথমিক প্রাক্কলনে এই প্রবৃদ্ধির হার দেখানো হয়েছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।এর ফলে টানা দুই বছর জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে রয়ে গেল। ২০০৪-০৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৯৬ শতাংশে দাঁড়ানোর পর ২০০৫-০৬ অর্থবছরে তা ৬ দশমিক ৬৩ শতাংশে উন্নীত হয়। এরপর ২০০৬-০৭ অর্থবছরে তা কমে হয় ৬ দশমিক ১৯ শতাংশ। আর ২০০৭-০৮ অর্থবছরে তা আরেক দফা কমে হয় ৫ দশমিক ৭৪ শতাংশ।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য ২০১০-১১ অর্থবছরের বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘২০০৯-১০ অর্থবছরে সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৬ শতাংশ।’ সংশোধিত হিসাব অনুসারে, গত অর্থবছরে কৃষি ও বনজ খাতের প্রবৃদ্ধির হার হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ এবং মৎস্য খাতে ৩ দশমিক ৯৮ শতাংশ। খনিজ ও খনন খাতের প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ এবং শিল্প উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতে ৫ দশমিক ৩৭ শতাংশ। অন্য প্রধান খাতগুলোর মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ খাতে ৬ দশমিক ৮৭ শতাংশ, নির্মাণ খাতে ৫ দশমিক ৮৫ শতাংশ, পাইকারি ও খুচরা বিপণন খাতে ৬ দশমিক ১০ শতাংশ এবং হোটেল ও রেস্তোরাঁ খাতে ৭ দশমিক ৫২ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে।এ ছাড়া পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ খাত ৭ দশমিক ২০ শতাংশ; আর্থিক প্রতিষ্ঠান সেবা খাত ৮ দশমিক ৩৫ শতাংশ; রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা খাত ৩ দশমিক ৮৪ শতাংশ; লোকপ্রশাসন ও প্রতিরক্ষা খাত ৯ দশমিক ৬৪ শতাংশ; শিক্ষা খাত ৯ দশমিক ২৯ শতাংশ; স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত ৮ দশমিক ১০ শতাংশ এবং কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা খাত ৪ দশমিক ৭৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে।সংশোধিত হিসাব অনুসারে, স্থির বাজারমূল্যে গত অর্থবছর জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৬০ হাজার ৪৬ কোটি টাকা।বিবিএস সাধারণত অর্থবছর শেষ হওয়ার কিছু আগে জাতীয় আয়ের প্রাথমিক প্রাক্কলিত হিসাব প্রকাশ করে থাকে। এর চার থেকে পাঁচ মাস পর গোটা বছরের প্রাপ্ত সব তথ্য বিশ্লেষণ করে সংশোধিত হিসাব প্রণয়ন করা হয়।এ বছর প্রাথমিক হিসাব প্রকাশ করার পর প্রথম কৃষির প্রবৃদ্ধি নিয়ে সরকারের মধ্য থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান—দুজনই কৃষির প্রবৃদ্ধি প্রাক্কলনে বড় ধরনের ভুল রয়েছে বলে মন্তব্য করেন। মতিয়া চৌধুরী বিবিএসের শীর্ষ কর্মকর্তাদের ডেকে কৃষির বিশেষত শস্য উপখাতের প্রবৃদ্ধির হার এত কম কীভাবে হয়, তা ব্যাখ্যা করতে বলেন।বিবিএস ২০০৯-১০ অর্থবছরে কৃষি খাতের অন্তর্গত শস্য উপখাতের প্রবৃদ্ধির হার ২ দশমিক ৭৭ শতাংশ প্রাক্কলন করেছিল, যা ২০০৮-০৯ অর্থবছরে ছিল ৪ দশমিক ৮১ শতাংশ। পরে অবশ্য তা সংশোধন করে ৪ দশমিক ২২ শতাংশ দেখানো হয়।