প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রবৃদ্ধির হার ধরা হবে ৭ শতাংশেরও বেশি।
সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময়ের হারসংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পরিকল্পনাসচিব শফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে কী আলোচনা বা সিদ্ধান্ত হলো জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ বৈঠকের পরে তো কিছু বলি না।’ জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটাও তো বাজেটের সঙ্গে সম্পর্কিত বিষয়। তবে ৭ শতাংশের কাছাকাছি থাকবে।’
আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রবৃদ্ধির হার কত ধরা হতে পারে জানতে চাইলে ৭ শতাংশের বেশি থাকার ইঙ্গিত করেন মুহিত।
তবে বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার প্রক্ষেপণ করা হচ্ছে ৬ দশমিক ৮ শতাংশ, আর আগামী অর্থবছরের করা হচ্ছে ৭ দশমিক ১ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। কয়েক মাসের হরতাল-অবরোধ প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রার ওপর কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থা এরই মধ্যে প্রক্ষেপণ করেছে।
চলতি অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশ হতে পারে বলে গত ১৫ জানুয়ারি এক বিশ্লেষণে জানিয়েছে বিশ্বব্যাংক। গত ৮ মার্চ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক বিশ্লেষণে বলেছে, এবার বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৪ শতাংশ। আর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সম্প্রতি চলতি অর্থবছরের বাজেট নিয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বলেছেন, এই হার হবে ৬ শতাংশের মতো।
বাজেটের আকার কমছে: চলতি অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এ আকার উল্লেখযোগ্য পরিমাণ কমছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে, কতটা কমছে তা নিয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা গেছে, বাজেটের আকার ১০ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকায় সংশোধন করা হতে পারে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৮০ হাজার ৩১৫ থেকে কমিয়ে ৭৫ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়েও দুই হাজার কোটি টাকা কম আদায় হওয়ার তথ্য বৈঠকে তুলে ধরেছে এনবিআর।