প্রভাব পড়বে বিনিয়োগে কমতে পারে ঋণমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং ২০ জনের মৃত্যুর ঘটনা বাংলাদেশে বিনিয়োগ ও প্রবৃদ্ধির ক্ষেত্রে ঋণমানের ঝুঁকি নির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান মুডি’স। ৪ জুলাই বাংলাদেশ বিষয়ে সংস্থাটির বিনিয়োগ সেবার আওতায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
মুডি’স যেসব উপাদানের ভিত্তিতে বিভিন্ন দেশের ঋণমান নির্ধারণ করে, তার মধ্যে ‘রাজনৈতিক ঝুঁকি’ও একটি বড় উপাদান। তাই সংস্থাটি বলছে, তাদের ধারণা অনুযায়ী বাংলাদেশের ‘রাজনৈতিক ঝুঁকি’র ক্ষেত্রে দুর্বলতার মাঝামাঝি অবস্থান করছে; যা এ দেশের ঋণমান নির্ধারণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মুডি’স-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি ও সংখ্যালঘুদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েছে। এ ধরনের হামলা রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ার বার্তা দিচ্ছে। এর ফলে সরকারের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক লক্ষ্যপূরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি এ ধরনের রাজনৈতিক বা ভূরাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হয়, তাহলে তা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরাবে এবং বাহ্যিক লেনদেন ব্যবস্থার অবনতি ঘটাবে।

.
.


মুডি’স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বিশ্বের যে ১০টি দেশ সর্বাধিক সন্ত্রাস-আক্রান্ত ছিল, সেসব দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৮ শতাংশীয় বিন্দু (পারসেনটেজ পয়েন্ট) পর্যন্ত কমে গিয়েছিল। এমনকি বিনিয়োগ প্রবৃদ্ধির ওপরও তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব পড়ে। দেশগুলোতে বিনিয়োগ প্রবৃদ্ধি ১ দশমিক ৩ থেকে ২ দশমিক ১ শতাংশীয় বিন্দু পর্যন্ত কমে গেছে। পাশাপাশি সরকারের ঋণ গ্রহণের খরচ এক বছরের মধ্যে ৪১ থেকে ৬৫ বেসিস পয়েন্ট (ভিত্তি স্তর) বেড়ে যায়। পরবর্তী সময়ে এ খরচ আরও বেড়ে গিয়েছিল।
অতীতের বৈশ্বিক বাস্তবতার ভিত্তিতে মুডি’স বলছে, গুলশানের ঘটনা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে। আর সেটি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক রপ্তানি খাত। তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান চালক। বাংলাদেশের জিডিপিতে রপ্তানি খাতের অবদান ১৬ শতাংশেরও বেশি। এটি ধরে রাখতে হলে বস্ত্র খাতে বৈদেশিক বিনিয়োগ টিকিয়ে রাখতে হবে। কারণ, বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশই বস্ত্র খাতনির্ভর, সর্বোপরি প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত।
মুডি’স-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ। প্রধান দুই রাজনৈতিক দল পরস্পর বিপরীতমুখী অবস্থানে। সহিংস অবরোধ ও বিক্ষোভের মধ্য দিয়ে এর প্রকাশ ঘটে।
এই অবস্থার মধ্যে গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশের ‘রাজনৈতিক ঝুঁকি’কে অনেক বাড়িয়ে দেবে বলে মনে করছে মুডি’স। গ্লোবাল টেররিজম ডেটাবেইসের তথ্য উল্লেখ করে মুডি’স-এর প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশে ১৮টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৬৫-তে। এ ধরনের হামলা অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সরকারের ঋণ গ্রহণের খরচ বাড়িয়ে দেবে।
মুডি’স-এর পূর্বাভাসের বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘এর মাধ্যমে একটি বার্তা দিয়েছে মুডি’স। এরপর সন্ত্রাসী হামলা অব্যাহত থাকলে বাংলাদেশের ঋণমান কমে যাবে। সে ক্ষেত্রে বিনিয়োগ, প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের ঋণ গ্রহণের খরচও বেড়ে যাবে। এ পরিস্থিতি কোনোভাবেই আমাদের কাম্য নয়।’
আহসান এইচ মনসুর আরও বলেন, মুডি’স বিভিন্ন ধরনের সূচক ও তথ্য-উপাত্তের ভিত্তিতে ঋণমানের হিসাব করে থাকে। যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে সংস্থাটি পূর্বাভাস দেয়, তা-ও যুক্তিসংগত। বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে—এ তথ্য অস্বীকার করার উপায় নেই।