প্রভিশনিংয়ে ছাড় চেয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বিনিয়োগে আর্থিক প্রতিষ্ঠানগুলো যে লোকসান দিয়েছে, তার বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণে ছাড়ের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। আগামী অন্তত নয় মাসের জন্য এই ছাড় চায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক প্রতিষ্ঠানগুলো একই সঙ্গে মুনাফার ওপর ৪২ দশমিক ৫০ শতাংশের পরিবর্তে ৩৭ দশমিক ৫০ শতাংশ হারে প্রাতিষ্ঠানিক আয়কর দিতে চেয়েছে।আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) পক্ষ থেকে এসব বিষয়ে সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেওয়া আবেদনে। আগামী রোববার এই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।প্রসঙ্গত, সাধারণভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে করপোরেট বা কোম্পানি কর হিসেবে সরকারকে ৩৭ দশমিক ৫০ শতাংশ হারে আয়কর দিতে হয়। আর তালিকাবহির্ভূত কোম্পানিগুলোর করহার হচ্ছে ৪২ দশমিক ৫০ শতাংশ। কিন্তু ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত হলেও তাদের কোম্পানির কর ৪২ দশমিক ৫০ শতাংশই রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, শেয়ারবাজারে বিনিয়োগে লোকসানের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে তারা বড় ধরনের সমস্যায় পড়েছে। এ জন্য আগামী মার্চ মাস পর্যন্ত তারা প্রভিশন সংরক্ষণের বিধান থেকে অব্যাহতি চায়। বিএলএফসিএর চেয়ারম্যান আসাদ খান প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজার পরিস্থিতি ভালো না। এখন অন্য খাতের বা মূল ব্যবসায় যা লাভ হচ্ছে তা শেয়ারে বিনিয়োগের ওপর লোকসান সমন্বয়ে অর্থাৎ প্রভিশন সংরক্ষণ করতে গিয়েই চলে যাচ্ছে। এ কারণে বাজারেও তার প্রভাব পড়ছে।’ তিনি বলেন, ‘এসব বিবেচনায় আমরা বিশেষ পরিস্থিতিতে এই সাময়িক ছাড়ের দাবি জানিয়েছি।’প্রাপ্ত তথ্য অনুসারে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২টি আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগেরই শেয়ারবাজারে বিনিয়োগ বর্তমান বাজারমূল্যে অনেক কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ক্রয়মূল্যের চেয়ে বাজারমূল্য কম হলে ক্রয়মূল্যের সমপরিমাণ বা শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হয়।সূত্রগুলো জানায়, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে আরও কিছু বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে সাব অর্ডিনেট বন্ডে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকে মূলধন হিসেবে বিবেচনা করা, ১০০ কোটি টাকা করে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতায় ব্যর্থ নয়টি প্রতিষ্ঠানের সর্বশেষ অবস্থা, সেকেন্ডারি বন্ড বাজার জোরদার, এনবিএফআইয়ের খেলাপি ঋণ পরিস্থিতি, ব্যাংকের মতো এসএমই ঋণের সাধারণ প্রভিশন ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনা ইত্যাদি উল্লেখযোগ্য।