প্রভিশনিংয়ে বিশেষ সুবিধা পাবে মার্চেন্ট ব্যাংকগুলো
শেয়ারবাজারে নিজস্ব পত্রকোষে (পোর্টফোলিও) বিনিয়োগ করে যেসব মার্চেন্ট ব্যাংক ক্ষতির মুখে রয়েছে, সেসব মার্চেন্ট ব্যাংককে লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পত্রকোষে যে লোকসান রয়েছে, তার বিপরীতে ধাপে ধাপে প্রভিশনিংয়ের সুযোগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভাশেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের পত্রকোষ বিনিয়োগের বিপরীতে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা সঞ্চিতির যে সিদ্ধান্ত দিয়েছে, সেটিকে পর্যালোচনা করা হয়েছে।বিএসইসি বলছে, মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পত্রকোষে ধারণ করা শেয়ারের দাম কমে যাওয়ায় যে অনাদায়ী ক্ষতি (আনরিয়ালাইজড লস) হয়েছে, তার বিপরীতে প্রভিশনিংয়ের ক্ষেত্রে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় পাবে প্রতিষ্ঠানগুলো। এই এক বছর সময়ের মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলো ত্রৈমাসিক ভিত্তিতে প্রভিশনিংয়ের সুবিধা গ্রহণ করতে পারবে। এই সুবিধা কেবল ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগের বিপরীতে ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২০১২ সালের পরবর্তী সময়ের প্রভিশনিং যথানিয়মে সংরক্ষণ করতে হবে।বিএসইসি আরও জানিয়েছে, প্রভিশনিংয়ের ক্ষেত্রে যেসব মার্চেন্ট ব্যাংক বিশেষ সুবিধা গ্রহণ করবে, তারা সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য কোনো ধরনের নগদ লভ্যাংশ দিতে পারবে না। এ বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিএসইসি এই সুবিধা দেওয়ার ফলে মার্চেন্ট ব্যাংকগুলো কিছুটা হলে স্বস্তি পাবে। ২০১২ সালের আর্থিক হিসাবে অনাদায়ী ক্ষতির বিপরীতে একসঙ্গে সমপরিমাণ নিরাপত্তা সঞ্চিতি না করলেও চলবে। এর ফলে মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মজবুত থাকবে।’এই সুবিধার কারণে বাজারে কোনো ধরনের প্রভাব পড়বে কি না জানতে চাইলে বিএমবিএর সভাপতি বলেন, ‘বাজারের সঙ্গে এর সরাসরি কোনো যোগসূত্র নেই। এটি মার্চেন্ট ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তির সঙ্গে সম্পর্কিত। তবে বাজারে এর মনস্তাত্ত্বিক প্রভাব পড়লেও পড়তে পারে।’